বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তরে কী পূর্বাভাস?

Photo: file photo

বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আর তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। রবিবার কলকাতার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সপ্তাহের শুরুতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা রোদের দেখা মিলছে। তবে রোদের দেখা মিললেও সোমবার কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন। সোমবার কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তর সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপরে শনিবার নিম্নচাপ তৈরি হয়েছিল। রবিবার সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া


সোমবার সপ্তাহের শুরুতে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় সোমবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহের শুরুতে কলকাতার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

আরও পড়ুন: সাতদিনে ৮০০ জন ডেঙ্গিতে আক্রান্ত, মৃত্যু হয়েছে ১০ জনের, জমা জল নিয়ে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।