কলকাতা বিমানবন্দরের রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে কুকুর, অণ্ডালে নামল বিমান

Kolkata Airport Photo-ANI

ফের খবরের শিরোনামে উঠে এল কলকাতা বিমানবন্দর। রানওয়েতে হঠাৎই চলে আসে পথকুকুর। তবে পাইলটের উপস্থিত বুদ্ধি ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এর ফলে দুটি বিমানের বহু যাত্রীর প্রাণ বেঁচে যায়। গোটা ঘটনায় বিমানবন্দর চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়।

কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় রানওয়ের ধারে কলকাতা থেকে রাঁচির উদ্দেশে ইন্ডিগোর একটি বিমান টেক-অফের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে, ইন্ডিগোর আরেকটি বিমান চেন্নাই থেকে কলকাতায় অবতরণের মুখে ছিল। কলকাতা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিল বিমানটি।

এদিকে ইন্ডিগোর বিমানটি টেক-অফ করার ঠিক আগে পাইলট দেখতে পান রানওয়ের উপর একটি কুকুর ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে পাইলট কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। কুকুর থাকার খবর পাওয়ার পরেই এটিসি-র আধিকারিকেরা তৎপর হন। দুর্ঘটনার আশঙ্কায় বিমানটিকে কলকাতায় নামার অনুমতি না দিয়ে তৎক্ষণাৎ বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।


আরও পড়ুন: অসুস্থ স্ত্রী, অফিসের কাজে বিদেশ যাওয়া আটকাতে হাইজ্যাক হুমকি, ধৃত প্রৌঢ়

এটিসি-র নির্দেশ পাওয়া মাত্রই চেন্নাই থেকে আসা বিমানটি অণ্ডাল বিমানবন্দরের দিকে রওনা দেয়। সেখানেই নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রানওয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি এড়িয়ে কীভাবে কুকুর ঢুকল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।