বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, উত্তর-দক্ষিণে কী পূর্বাভাস?

Photo: File Photo

কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টির দেখা মিলছে। সপ্তাহান্তেও কি দক্ষিণ-উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে নিম্নচাপ ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপরে অবস্থান করছে। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থান থেকে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের উপর দিয়ে উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া


হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

শনিবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দু-এক জায়গায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।