ময়দান থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি ৫৫৯ গ্রাম গাঁজা উদ্ধার করল কলকাতা পুলিশের নারকোটিক্স সেল। বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ অভিযুক্তকে। বৃহস্পতিবারই ধৃতদের আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ময়দান থানা এলাকার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড সংলগ্ন পিডব্লিউডি সাইট অফিস (সাউথ ডিভিশন)-এর কাছে অভিযান চালানো হয়। সেখান থেকেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন মুর্শিদাবাদের বাসিন্দা আব্দুল হক ওরফে বাবু (৪৮), অনুজ শেখ (৩২) ও আতাবুর শেখ। ধৃতদের কাছ থেকে মোট ১৪.৫৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, সাক্ষী ও গেজেটেড অফিসারের উপস্থিতিতে সমস্ত আইনি বিধি মেনে তল্লাশি চালিয়ে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা অভিযানের তল্লাশি ও বাজেয়াপ্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়েছে।
গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেলের এসআই প্রশান্ত কুমার রায়ের অভিযোগের ভিত্তিতে ময়দান থানায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধৃতরা জানিয়েছে, ওড়িশার কালাহান্ডি জেলার নরলা থেকে গাঁজা নিয়ে তারা কলকাতায় এসেছিল।
আরও পড়ুন: কর্মসংস্থান বাড়াতে শিল্পমহলে আর্থিক সুবিধা, মহিলা ও রূপান্তরকামীদের নিয়োগে বিশেষ ছাড়
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন মাদক কারবারির কাছে ওই গাঁজা বিক্রির পরিকল্পনা ছিল বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।