২৩ নভেম্বর মোদীর মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা, জেন জি-র মন জিততে তারুণ্যে জোর

Image: IANS

তরুণ প্রজন্মের মন জিততে এবার মন্ত্রীসভায় তারুণ্যকে বাড়তি গুরুত্ব দিতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেন জি-র মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়ানোই লক্ষ্য বলে রাজনৈতিক মহলের ধারণা। সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রীসভায় বেশ কয়েকজন নতুন ও তরুণ মুখকে জায়গা দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী ২৩ নভেম্বর মন্ত্রীসভায় রদবদল বা সম্প্রসারণ করতে পারেন প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। মাস ছয়েক ধরে চলা জল্পনার মধ্যেই নতুন করে জোরালো হয়েছে এই সম্ভাবনা।

সূত্রের দাবি, সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে ওঠা বিরোধীদের অভিযোগের মোকাবিলা এবং তরুণ প্রজন্মের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে নতুন করে কৌশল সাজাচ্ছে বিজেপি। বিশেষত জেন জি-র ভাবনা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তাঁদের কাছে টানতে চাইছে দল। সেই কারণেই মন্ত্রীসভায় তরুণ নেতৃত্বের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা হতে পারে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন দায়িত্ব নেওয়ার পর দলের সংগঠনেও একাধিক পরিবর্তন হয়েছে। এবার সরকারের মন্ত্রীসভাতেও সেই পরিবর্তনের ছাপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: গম-ধান-আখের বাইরে চাষে জোর মোদীর, কৃষকদের আয়ের নতুন পথ খোঁজার বার্তা


শুধু বয়সের নিরিখেই নয়, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনও মন্ত্রীসভা পুনর্গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মতো রাজ্যে আগামী বছর ভোট। এছাড়াও কয়েকটি রাজ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। ফলে রাজ্যভিত্তিক প্রতিনিধিত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। ২০২৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে মন্ত্রীসভার দায়িত্ব বণ্টনেও বদল আসার সম্ভাবনা রয়েছে। এনডিএর শরিক দলগুলিকে আরও বেশি প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

গত কয়েকমাসে মন্ত্রীসভায় কয়েকটি পদ খালি হয়েছে। রাজ্যসভায় পুনর্নির্বাচিত না হওয়ায় রভনীত সিং বিট্টু ও জর্জ কুরিয়েনের মন্ত্রিত্বে পরিবর্তন আসে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগানের পদত্যাগও রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে তাঁর পদত্যাগের কথা জানানো হয়। তামিলনাড়ুতে দলের সংগঠন মজবুত করার কাজে ফিরতে চান বলে জানিয়েছিলেন মুরুগান।

আরও পড়ুন: আসামের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা, কন্টেনার লরির সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২০

কতজন নতুন মুখ মন্ত্রীসভায় জায়গা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক মহলে অরুণ গোভিল, তেজস্বী সূর্য, অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজ, সৌমিত্র খাঁ, রবি কিষাণ ও মনোজ তিওয়ারির মতো কয়েকজনের নাম নিয়ে আলোচনা চলছে। শিব সেনার শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির প্রতিনিধিত্ব বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রাঘব চাড্ডার নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। তবে এই নামগুলির কোনওটিই এখনও চূড়ান্ত নয়।

নতুন মুখ অন্তর্ভুক্ত করার পাশাপাশি একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলানো মন্ত্রীদের কাজের ভার কমাতে দায়িত্ব পুনর্বণ্টন এবং কয়েকজনের দপ্তর বদলের সম্ভাবনাও রয়েছে। তবে ২৩ নভেম্বরের তারিখ কিংবা সম্ভাব্য মন্ত্রীদের তালিকা – কোনও কিছুই এখনও নিশ্চিত নয়। শেষ পর্যন্ত মন্ত্রীসভায় তারুণ্যকে কতটা গুরুত্ব দেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=Bv6woX9agzvN9w9i” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>