এখনই কমছে না পেট্রল-ডিজেলের দাম, ৪২ হাজার কোটি টাকা লোকসানের কথা জানালেন সুরেশ গোপীর

Photo: Statesman

পেট্রল ও ডিজেলের দাম এখনই কমার কোনও সম্ভাবনা নেই। তেল সংস্থাগুলির বিপুল আর্থিক ক্ষতি ও পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে বিঘ্ন। মূলত এই দুটি কারণে আপাতত জ্বালানির দাম কমানো সম্ভব নয় বলে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

চেন্নাইয়ের মীনামবক্কম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তেল সংস্থাগুলির ইতিমধ্যেই প্রায় ৪২ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। সেই ক্ষতি পূরণ না হওয়া পর্যন্ত জ্বালানির দাম কমানো প্রযুক্তিগত ও আর্থিক দিক থেকে সম্ভব নয়।

সুরেশ গোপীর কথায়, ‘আমরা চাইলে পরের দিনই জ্বালানির দাম কমে যাক, এমনটা আশা করতে পারি। কিন্তু বাস্তবে এখনই তা সম্ভব নয়। তেল সংস্থাগুলির ইতিমধ্যেই ৪২ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। আগে সেই ক্ষতি পূরণ করতে হবে।’


তবে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ক্ষেত্রে রাজ্য সরকারগুলির হাতেও কিছুটা সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর মতে, রাজ্য সরকার চাইলে পেট্রলের উপর কর কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে। উল্লেখ্য, পেট্রল ও ডিজেলের খুচরো দামের মধ্যে কেন্দ্রীয় শুল্কের পাশাপাশি রাজ্য সরকারের ধার্য করা করও অন্তর্ভুক্ত থাকে।

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, কেরল ও কর্নাটকে পেট্রলের দাম বেড়েছে। তবে তামিলনাড়ুতে কী পরিস্থিতি, তা তাঁর জানা নেই। এদিকে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের প্রভাব পড়েছে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ব্যবস্থাতেও।

আরও পড়ুন: দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে আসছে নতুন লোগো, শীঘ্রই কার্যকর হবে এফএসএসএআই-এর নিয়ম

সুরেশ গোপী স্বীকার করেছেন, জ্বালানি সরবরাহ নিয়ে সমস্যা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তবে ঠিক কতদিন এই সরবরাহ সমস্যা চলবে কোন কোন এলাকায় তার প্রভাব সবচেয়ে বেশি কবে জ্বালানির দাম কমতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি কেন্দ্রীয় মন্ত্রী। ফলে আপাতত পেট্রল-ডিজেলের দাম কমার আশায় সাধারণ মানুষকে অপেক্ষা করতেই হবে।