নেসলের ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটনার’-এর একটি নমুনা পরীক্ষায় খাবারটি নির্ধারিত খাদ্য নিরাপত্তা ও গুণমান পূরণ করতে পারেনি। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে করা পরীক্ষার পর ওই নমুনাকে ‘নিম্নমানের’ বলে চিহ্নিত করা হয়েছে। এরপরেই পণ্যটির বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এফএসএসএআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লির কনট প্লেসে অবস্থিত ভারত হোটেলস লিমিটেডের চত্বর থেকে নেসলের ওই পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। খাদ্য বিশেষজ্ঞদের গবেষণাগারে নমুনাটি পরীক্ষা করা হয়। পরীক্ষার পর সেটিকে ‘খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬’-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী মানসম্মত নয় বলে চিহ্নিত করা হয়েছে।
পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও জানানো হয়েছে। এর পাশাপাশি, পরীক্ষাগারের বিশ্লেষণ প্রতিবেদনের একটি কপিও নেসলের হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়। এরপর নিয়ম-বহির্ভূত বলে চিহ্নিত ওই পণ্য নিয়ে ভারত হোটেলস লিমিটেডকে নোটিশ পাঠানো হয়েছে।
এই পণ্যটির বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। এর পাশাপাশি উপভোক্তাদেরও সতর্ক করেছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। কোনও পণ্য কেনা বা খাওয়ার আগে বিশেষ করে ব্যাচের পণ্যে সমস্যা পাওয়া গিয়েছে, সেই ব্যাচের হলে তার তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।