আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্স যাচ্ছেন মোদী, ম্যানিলায় কোয়াড বৈঠকের সম্ভাবনা

Image: IANS

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৬ নভেম্বর ফিলিপিন্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় থাকবেন তিনি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে এই সফরের কথা জানানো হয়েছে। এই সফরে আসিয়ান সম্মেলনের পাশাপাশি ২১তম ইস্ট এশিয়া সামিটেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সভাপতিত্বে ইস্ট এশিয়া সামিট অনুষ্ঠিত হবে। এই মঞ্চে আসিয়ানের ১১টি সদস্য দেশ ছাড়াও ভারত, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চিন, জাপান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া রয়েছে। আসিয়ানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারত্বও রয়েছে।

এবারের আসিয়ান সম্মেলনের মূল ভাবনা ‘নেভিগেটিং আওয়ার ফিউচার, টুগেদার’। অর্থাৎ, একসঙ্গে ভবিষ্যতের পথ খোঁজা। বিশ্ব বাণিজ্যে আসিয়ান অঞ্চলের সমুদ্রপথের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখেই এই ভাবনা বেছে নেওয়া হয়েছে। সম্মেলনের পাশাপাশি ১৭ নভেম্বর ১৬তম আসিয়ান মেরিটাইম ফোরাম এবং ১৮ নভেম্বর ১৪তম এক্সপ্যান্ডেড আসিয়ান মেরিটাইম ফোরাম অনুষ্ঠিত হবে। সেখানে নিরাপদ ও স্থিতিশীল বাণিজ্যিক নৌ-চলাচল নিয়ে আলোচনা হওয়ার কথা।


আরও পড়ুন: উত্তরপ্রদেশে নতুন জোট ওয়েইসি-চন্দ্রশেখরের, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আজাদ

এদিকে, ম্যানিলায় কোয়াডের বৈঠক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, আসিয়ান সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে সেই বৈঠকের বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

আরও পড়ুন: পরকীয়ার অভিযোগে আরও চাপে এনভিডিয়ার প্রাক্তন কর্তা, জেনসেন হুয়াংয়ের উত্তরসূরি খুঁজছে সংস্থা