কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় ক্যাভিয়েট দাখিল অভিষেকের, চর্চা তুঙ্গে

MP Abhishek Banerjee File Case Supreme Court Photo-SNS

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেখানের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সমস্যা না মেটা পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। এই নির্দেশের পর কলকাতা পুরসভার নির্বাচন ডিসেম্বরে করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। এবার কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা শিবিরের পক্ষ থেকে পৃথক আবেদন জানানো হয়েছে। এই মামলায় তাঁদের বক্তব্যও শোনার আর্জি জানানো হয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতেই আগেভাগে ক্যাভিয়েট দাখিল করে রাখলেন অভিষেকরা।

এদিকে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা আগে ছিল ১৪৪। সেটা বাড়িয়ে ২০৯ করা হয়। এরপরই ওয়ার্ডের এই বিন্যাসের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। ওই মামলায় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য সব পক্ষের কাছে হলফনামা তলব করেছেন। তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। তার পাল্টা হলফনামা একসপ্তাহের মধ্যে দিতে হবে মামলাকারীকে। চার সপ্তাহ পরে মামলার শুনানির জন্য আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। চলতি মাসের ৩০ তারিখ নাগাদ ওই মামলার শুনানি হতে পারে। কলকাতা হাইকোর্টে এই মামলায় যুক্ত ছিল তৃণমূল। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতেই তাদের বক্তব্যও যাতে শোনা হয় সেটার আবেদন জানিয়েছে মমতা শিবির।

অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন এবং প্রশাসনিক বৈঠকগুলিতে বারবার এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল। এই ওয়ার্ড পুনর্বিন্যাস যে সঠিক পথে হয়নি সেই অভিযোগ তুলেছিল তৃণমূল। শুধু তাই নয়, এই ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি আসলে বিজেপিকে সুবিধা করে দেওয়ার ছক বলে অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু সেই কথায় কেউ কর্ণপাত করেননি। বরং ডিমিলিটেশন তালিকা বেরিয়ে যায়। যার ফলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তার জেরে গত ৬ নভেম্বর কলকাতা পুরসভার নির্বাচন ঘোষণার উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।


তারপর ১৩ নভেম্বর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। আর তারপরই কালীঘাট তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে ওই মামলায় যুক্ত হতে চেয়েছেন। তাঁরা চান আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখুক সুপ্রিম কোর্ট। একতরফাভাবে কোনও নির্দেশ যেন না দেওয়া হয়। এই বিষয়ে নির্দেশ দেওয়ার আগে তাঁদের বক্তব্য যেন শোনা হয়। এই বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই পুর কমিশনারের।