গম-ধান-আখের বাইরে চাষে জোর মোদীর, কৃষকদের আয়ের নতুন পথ খোঁজার বার্তা

Image: IANS

শুধু গম, ধান ও আখের মতো পরিচিত ফসলের উপর নির্ভর করে থাকলে চলবে না। কৃষকদের আয়ের পথ আরও প্রসারিত করতে হবে। দুগ্ধ উৎপাদন, মৎস্যচাষ, মৌমাছি পালন, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো ক্ষেত্রেও নজর দিতে হবে। বৃহস্পতিবার দিল্লিতে ‘কিষাণ তক ভারত কৃষি সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে কৃষকদের এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, চাষের পাশাপাশি বিকল্প আয়ের পথ তৈরি হলে একদিকে যেমন কৃষকদের উপার্জন বাড়বে, তেমনই জল ও মাটির উপর চাপও কমানো সম্ভব হবে।

ধান ও আখের মতো ফসলের চাষে বিপুল পরিমাণ জলের প্রয়োজন হয়। ফলে দীর্ঘদিন ধরে এই ফসলগুলির উপর নির্ভরতা ভূগর্ভস্থ জলস্তরের উপর চাপ বাড়িয়েছে। হরিয়ানার উদাহরণ দিয়ে একটি সাম্প্রতিক আলোচনায় জানানো হয়েছে, সেখানে প্রতি বছর ভূগর্ভস্থ জলের ঘাটতি পূরণ হওয়ার তুলনায় প্রায় ১৩৭ শতাংশ জল তুলে নেওয়া হয়।

আরও পড়ুন: দূষণে হাঁসফাঁস দিল্লি-এনসিআর! সিভিয়ার জোনে বাতাস, একাধিক এলাকায় AQI ৪৫০ পার


এই পরিস্থিতিতে জমির মাটি ও জলের অবস্থা বুঝে উপযুক্ত ফসল বেছে নেওয়ার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ২০১৪ সালে দেশে মাটি পরীক্ষার পরীক্ষাগার ছিল কয়েকশো, এখন সেই সংখ্যা বেড়ে ৮,৪০০-র বেশি হয়েছে।

কৃষকদের আয়ের বিকল্প উৎস হিসাবে দুগ্ধ, পোল্ট্রি, মৎস্য এবং মৌমাছি পালনের কথাও বলেছেন মোদী। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত এক দশকে দেশে দুধ উৎপাদন প্রায় ৭০ শতাংশ এবং ডিম উৎপাদন প্রায় ৯০ শতাংশ বেড়েছে। মাছ উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে। মধু উৎপাদনও প্রায় ৮০ হাজার টন থেকে বেড়ে দেড় লক্ষ টনে পৌঁছেছে।

সৌরশক্তিকেও কৃষকদের আয়ের নতুন উৎস হিসাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, পিএম-কুসুম প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ১২ লক্ষ সৌরচালিত পাম্প দেওয়া হয়েছে। এর ফলে সেচের বিদ্যুতের খরচ কমার পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে। কৃষকদের সংগঠিত করতে দেশে ১০ হাজার কৃষক উৎপাদক সংস্থা বা এফপিও গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: হাসিনার পাসপোর্টের আবেদন খারিজের পরেই স্থগিত ভারত-বাংলাদেশ কনসুলার বৈঠক!

এদিন সারের দাম নিয়েও সরকারের ভূমিকার কথা তুলে ধরেন মোদী। তাঁর দাবি, কৃষকদের সাশ্রয়ী দামে সার দিতে গত ১২ বছরে ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে প্রায় ৫,০০০ টাকা দামের এক বস্তা ডিএপি কৃষকরা ১,৩০০ টাকায় এবং প্রায় ৩,০০০ টাকা দামের ইউরিয়া ৩০০ টাকার কমে পাচ্ছেন।

তবে সস্তা ও সহজলভ্য হওয়ায় ইউরিয়ার অতিরিক্ত ব্যবহার মাটির ক্ষতি করছে বলে সতর্ক করেছেন সার শিল্পের এক প্রতিনিধি। রাসায়নিক সারের উপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক চাষের দিকেও কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে বিকল্প চাষ ও সহযোগী ক্ষেত্রগুলি থেকে কতটা নির্ভরযোগ্য আয় হবে তা নির্ভর করছে বিনিয়োগ, সংরক্ষণ, পরিকাঠামো এবং বাজারের সুযোগের উপর। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের কাছে এই বিকল্পগুলিকে লাভজনক করে তোলাই এখন বড় চ্যালেঞ্জ।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=Bv6woX9agzvN9w9i” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>