মাঝ আকাশে মে-ডে কল পাইলটের, জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

File Photo

মাঝ আকাশে গুরুতর অসুস্থ পাইলট। মে-ডে ঘোষণা করে ওমানের মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর দোহা-বেঙ্গালুরুগামী বিমান। বৃহস্পতিবার ৬ই ১৩০২ (6E 1302) বিমানটি মাসকটে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরেই অসুস্থ পাইলটকে জরুরি চিকিৎসা দেওয়া হয়।

এক আধিকারিক জানিয়েছেন, ইন্ডিগো ফ্লাইটটি দোহা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। মাঝ আকাশে বিমানের এক পাইলট অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগে পাইলট মে-ডে কল করে। তবে বিমানটির কমান্ডিং পাইলট নাকি ফার্স্ট অফিসার কে অসুস্থ হয়ে পড়েছিলেন, তা জানা যায়নি।

ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, অসুস্থ ক্রু সদস্যের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো। যাত্রীদের বেঙ্গালুরুতে পৌঁছে দিতে মাসকট থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। অপেক্ষারত যাত্রীদের খাবার ও পানীয় জল দেওয়া হয়। যাত্রী, ক্রু ও বিমানের নিরাপত্তাই সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে ইন্ডিগো। সেই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে সেই সংস্থা।


এর আগে মাত্র ২ দিন আগে গোয়া-দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান উড়ানের কয়েক ঘণ্টা পর জরুরি অবতরণ করেছিল। একটি সূত্রের দাবি, বিমানের একটি ইঞ্জিনে সমস্যা দেখা গিয়েছিল। যদিও ইন্ডিগোর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। গত এক মাসে ইঞ্জিন সংক্রান্ত সমস্যায় ইন্ডিগোর দ্বিতীয় বিমানকে জরুরি পরিস্থিতির মুখে পড়তে হল। এর আগে ১১ আগস্ট কলকাতা-চেন্নাইগামী একটি বিমান অবতরণের সময় বাঁদিকের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে জরুরি ঘোষণা করে অবতরণ করা হয়েছিল।

এদিকে, ভারতের বিমান পরিষেবার নিরাপত্তা নিয়েও নজরদারি বাড়িয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)-এর আসন্ন মূল্যায়নের আগে আগস্টে চারটি বড় বিমান সংস্থার নিরাপত্তা অডিট করেছে ডিজিসিএ। অডিটে বেশ কিছু গুরুতর ত্রুটিও উঠে এসেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: গাড়ির ‘পাওয়ার স্টিয়ারিং’ নিয়ে প্রতারণার অভিযোগ, মারুতি-সুজুকির বিরুদ্ধে মামলা খারিজ হাইকোর্টের

আগামী ১৬-২০ নভেম্বর ভারতে আসার কথা ৫ সদস্যের এফএএ দলের। এই পর্যালোচনা হবে একাধিক বিমান দুর্ঘটনা ও অপারেশনাল সমস্যার প্রেক্ষাপটে। এর মধ্যে ২০২৫ সালের জুনে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু অন্যতম ঘটনা।