চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা গোষ্ঠীতে আইনি লড়াই, ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি দুই ট্রাস্টের

Image: IANS

টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে ঘিরে টাটা গোষ্ঠীর অন্দরের বিরোধ এবার আদালতে পৌঁছেছে। ২০২৭-এর ফেব্রুয়ারি থেকে আরও ৫ বছরের জন্য চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল সংস্থার বোর্ড। সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে টাটা ট্রাস্টসের অধীনস্থ স্যার দোরাবজি টাটা ট্রাস্ট বা এসডিটিটি এবং রতন টাটা ট্রাস্ট বা আরডিটিটি।

দুই ট্রাস্ট যৌথভাবে ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি, প্রয়োজনীয় সম্মতিসূচক ভোট ছাড়া চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে টাটা সন্স যাতে আর কোনও পদক্ষেপ করতে না পারে সেই মর্মে অন্তর্বর্তী নির্দেশ চেয়েছে তারা। গত ২৫ নভেম্বর দুই ট্রাস্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়ে পৃথক সার্কুলার প্রস্তাব পাস হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার অর্থাৎ ২৭ নভেম্বর বম্বে হাইকোর্টে মামলাটির শুনানির কথা রয়েছে। আগামী ৩০ নভেম্বর টাটা সন্সের পরবর্তী বোর্ড বৈঠকের আগেই আদালতের নির্দেশ পেতে চাইছে ট্রাস্টগুলি।

আরও পড়ুন: লন্ডনের পর এবার মিরাট যাওয়ার পথেও বাধা! সংবিধান দিবসে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক সৌরভ দাস


বিতর্কের সূত্র গত ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠক। ওই দিন ২০২৭-এর ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেয় টাটা সন্সের বোর্ড। ট্রাস্টগুলির অভিযোগ, সংস্থার সংঘবিধির ১২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই সিদ্ধান্তের ক্ষেত্রে টাটা ট্রাস্টসের মনোনীত পরিচালকদের সংখ্যাগরিষ্ঠের সম্মতি প্রয়োজন ছিল। কিন্তু তা নেওয়া হয়নি।

ওই বৈঠকে ট্রাস্ট মনোনীত পরিচালক নোয়েল টাটা পুনর্নিয়োগের বিপক্ষে ভোট দেন। অন্য মনোনীত পরিচালক বেণু শ্রীনিবাসন প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে ভোট সমান হয়ে যায়। বৈঠকের সভাপতি হরিশ মনবানী নিজের নির্ণায়ক ভোট প্রয়োগ করে পুনর্নিয়োগের প্রস্তাব পাস করান। ট্রাস্টগুলির দাবি, সংস্থার পরিচালনবিধি অনুযায়ী এই নির্ণায়ক ভোট প্রয়োগের বৈধতা নেই। তাই বোর্ডের সিদ্ধান্তও আইনসঙ্গত নয়।

দুই ট্রাস্টের মধ্যে এসডিটিটি ৫০ কোটি এবং আরডিটিটি ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি, মামলা দায়েরের দিন থেকে টাকা মেটানো পর্যন্ত বার্ষিক ১৮ শতাংশ হারে সুদ চাওয়া হয়েছে। টাটা সন্সের বিরুদ্ধে মামলার পাশাপাশি বোর্ডের বৈঠকে নির্ণায়ক ভোট প্রয়োগের ক্ষেত্রেও বিধিনিষেধ চায় তারা।

আরও পড়ুন:  লন্ডনযাত্রায় বাধা দেওয়ার পর এবার ককরোচ নেতা সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিস

এই বিরোধের মধ্যে বেণু শ্রীনিবাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নোয়েল টাটা। গত  ২৬ অক্টোবর টাটা সন্সের কোম্পানি সচিবকে চিঠি লিখে নোয়েল টাটা জানতে চান, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল কি না। নোয়েলের অভিযোগ, টিভিএস মোটর কোম্পানির সঙ্গে চন্দ্রশেখরনের পরিবারের যোগ থাকা হ্যানো ওয়ান ওয়্যারহাউজিংয়ের বাণিজ্যিক লেনদেনের বিষয়টি শ্রীনিবাসনের প্রকাশ করা উচিত ছিল। সেই কারণে পুনর্নিয়োগ নিয়ে আলোচনা ও ভোটাভুটিতে তাঁর অংশ নেওয়া নিয়েও আপত্তি জানান নোয়েল।

হ্যানো ওয়ানের সঙ্গে চন্দ্রশেখরনের স্ত্রী ললিতা ও ছেলে প্রণবের যোগ রয়েছে বলে নোয়েলের চিঠিতে উল্লেখ করা হয়। ওই সংস্থার সঙ্গে টিভিএস মোটরের একটি বাণিজ্যিক চুক্তির কথাও তুলে ধরেন তিনি। তার মধ্যে টিভিএস মোটরের হোসুর কারখানার কাছে জমি লিজ নেওয়ার বিষয়টি ছিল। তবে টাটা সন্স স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার দাবি, হ্যানো ওয়ান সংক্রান্ত তথ্য ২০২৫ সালের এপ্রিলেই চন্দ্রশেখরনের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জানানো হয়েছিল। টিভিএস মোটরের সঙ্গে লেনদেনের বিষয়টি টাটা সন্সকে আলাদা করে জানানোর বাধ্যবাধকতাও ছিল না।

চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭-এর ২০ ফেব্রুয়ারি। তার আগে পুনর্নিয়োগের সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে এই বিরোধ টাটা গোষ্ঠীর শীর্ষ স্তরের ক্ষমতার ভারসাম্য এবং সংস্থার পরিচালন পদ্ধতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=2E2nFVuu9MohXuqb” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>