বাবার কিডনি প্রতিস্থাপনে বড় অঙ্কের ঋণ, শোধ করতে কুচক্রে, হায়দরাবাদ থেকে উদ্ধার কলকাতার তরুণী

Arrest Illegal Ovam Racket Photo-Representative

আর্থিক অবস্থা ভাল নয়। তার উপর বাবার দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। তাই কিডনি প্রতিস্থাপনের জন্য সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নেন তরুণী। কিন্তু সেই টাকা শোধ করতে পারছিলেন না। তার জেরে বাড়িতে রোজ হাজির হতেন পাওনাদাররা। সংসারের এই চরম আর্থিক সংকট থেকে পরিবারকে বাঁচাতে কলকাতার এই তরুণী অনেক চেষ্টা করেছিলেন। এই পরিস্থিতির সুযোগই নিয়েছিল একটি কুচক্র। ৫০ হাজার টাকার বিনিময়ে ডিম্বাণু দিতে রাজি করিয়ে তরুণীকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদে। আর সেখানে গিয়েই তরুণী বুঝতে পারেন তিনি জড়িয়ে পড়েছেন বেআইনি ডিম্বাণু সংগ্রহ এবং বিক্রির কারবারে।

গত ৩০ অক্টোবর হায়দরাবাদ এবং সেকেন্দরাবাদের পাঁচটি জায়গায় অভিযান চালিয়ে ৪৩ জন তরুণী-যুবতীকে উদ্ধার করে তেলঙ্গানার মালকাজগিরি পুলিশ। তদন্তে পুলিশের দাবি, দেশের নানা প্রান্তের আর্থিক অভাবে থাকা তরণীদের টাকার প্রলোভন দেখিয়ে এই চক্রে নিয়ে আসা হতো। আর বেআইনিভাবে ডিম্বাণু সংগ্রহ করে বিক্রি করা হতো। এখনও পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তত দু’বছর ধরে চলছিল এই অসাধু কারবার। উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে একজনের বাড়ি কলকাতায় বলে তথ্য সামনে আসে। অসুস্থ বাবা, দিনমজুর মা ও পড়াশোনা করা চার ভাইবোনের সংসার। বাবার কিডনি প্রতিস্থাপনের জন্য নেওয়া ঋণ শোধ করতে না পেরে ৫০ হাজার টাকার বিনিময়ে ডিম্বাণু দেওয়ার প্রস্তাব মেনে নেয়। আর তরুণীর দাবি, পরিবারের কথা ভেবেই রাজি হয়েছিলেন। শারীরিক ঝুঁকি সম্পর্কে কিছুই জানতেন না।

তদন্তে উঠে এসেছে, এই চক্রে একাধিক সংগঠক, নিয়োগকারী, এজেন্ট এবং মধ্যস্থতাকারী আছে। আর্থিক সংকটে থাকা তরুণীদের খুঁজে বের করে তাঁদের হায়দরাবাদে এনে রাখা হতো ভাড়াবাড়িতে। হায়দরাবাদের ২৩টি প্রজনন চিকিৎসা কেন্দ্রের সঙ্গে এই চক্রের কোনও যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহারের তরুণীদের নিয়ে আসা হয়েছিল। এই চক্রে থাকা অমিত শর্মা, নিকহত পারভিন, রেশমা খাতুন-সহ মোট আটজনকে গ্রেপ্তার করে ১ নভেম্বর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।


তাছাড়া ফাঁদে ফেলা তরুণীদের নামে তৈরি করা হতো জাল আধার কার্ড, পরিচয়পত্র এবং ব্যাঙ্কের নথি। কলকাতার তরুণীকে উদ্ধার করে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের সহায়ক প্রজনন প্রযুক্তি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, মানব ডিম্বাণু বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ। ২৩ থেকে ৩৫ বছরের মহিলা ডিম্বাণু দান করতে পারেন। তবে জীবনে একবারই। একবারে সর্বাধিক সাতটি ডিম্বাণু সংগ্রহের অনুমতি আছে। ডিম্বাণু সংগ্রহের পরবর্তী ১২ মাসের সম্ভাব্য শারীরিক জটিলতার জন্য দাতার স্বাস্থ্যবিমার ব্যবস্থাও করতে হয়। এসব নিয়ম মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।