দিল্লিতে ছাত্র আন্দোলন চলাকালীন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝকে নিশানা করেছিলেন ককরোচ জনতা পার্টি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এবার তাঁর কাছে ক্ষমা চাইলেন তিনি। গতকাল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিতে একটি অনুষ্ঠান ছিল। পাঞ্জাবিদের লড়াই শেখাতে এসো না বলে মন্তব্য করেন গায়ক তথা অভিনেতা। তারপর মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চান সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিতে বলেন সিজেপি প্রধান।
শুক্রবার থেকে শুরু হয়েছে দিলজিতের ‘অরা ট্যুর’। প্রথম অনুষ্ঠানই ছিল দিল্লিতে। মঞ্চে দাঁড়িয়ে ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এই পাঞ্জাবি গায়ক। তিনি বলেন, একজন শিল্পী সকলকে ভালোবাসেন। আন্দোলনকারীদের সমর্থন করলেও কী ভাবে লড়াই করতে হয়, তা পাঞ্জাবিদের শেখানোর দরকার নেই। তাঁর কথায়, ‘আমি তোমাদের সকলকে ভালোবাসি। আমি একজন শিল্পী। আমি চুপ করে আছি, তাই আমাকে চুপ করেই থাকতে দাও। আমি তোমাদের সবাইকে সমর্থন করি। কিন্তু কী ভাবে লড়াই করতে হয়, তা দয়া করে পাঞ্জাবিদের শেখাতে এসো না।‘
এরপর নিজের ছবি ‘সতলুজ’ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলজিৎ। মঞ্চে ছবিটি নিয়ে ঠাট্টা করার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মানবাধিকার কর্মী জসওয়ন্ত সিং খালরার জীবন অবলম্বনে তৈরি এই ছবি নির্মাণের জন্য তাঁদের দীর্ঘদিন লড়াই করতে হয়েছে। তিনি বলেন আমি সবাইকে ভালোবাসি। কেউ যদি আমাদের ঘৃণা করে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি সকলকে ভালোবাসি।‘
দিলজিতের এই কথার পরেই ইনস্টাগ্রামে ক্ষমা চান অভিজিৎ। তিনি লেখেন, গত জুন মাসে আন্দোলন চলাকালীন দিলজিতের মন্তব্যে তিনি কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে গায়কের প্রতি তাঁর কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। বরং বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করার জন্য বরাবরই তাঁকে শ্রদ্ধা করেন।
অভিজিৎ আরও লেখেন, তিনি দিলজিতের গানের অনুরাগী এবং সেই জায়গা থেকে কখনও সরে আসেননি। ভারতে ফেরার ঠিক আগে গত মে মাসে শিকাগোয় দিলজিতের একটি কনসার্টেও গিয়েছিলেন বলেও জানান তিনি। শুধু গান নয়, শিল্পী ও মানুষ হিসেবে দিলজিতের প্রতি শ্রদ্ধা থেকেই সেখানে গিয়েছিলেন বলে তাঁর মত।
পোস্টের শেষে দিলজিতের উদ্দেশে তিনি অনুরোধ করেন, ‘আমাকে ছোট ভাই ভেবে ক্ষমা করে দাও।‘ সঙ্গে দিলজিতের একটি গানের পঙক্তিও উদ্ধৃত করেন অভিজিৎ।
গত জুন মাসে দিল্লির যন্তর মন্তরে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন চলছিল। সেই সময় এক অনুরাগী ইনস্টাগ্রামে দিলজিতকে আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন। উত্তর গায়ক বলেছিলেন, তাঁকে যেন এই বিতর্কের মধ্যে না জড়ানো হয়। তিনি রাজনীতিবিদ নয়, শিল্পী। তাঁর এই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।
২০২০ সালের কৃষক আন্দোলনকে দিলজিৎ সমর্থন জানিয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। ফলে নিট আন্দোলন নিয়ে তাঁর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেন সিজেপির সদস্যদের একাংশ।
গত ১২ জুলাই যন্তর মন্তরে হাজির হয়েছিলেন পাঞ্জাবি গায়ক কাকা। সেই সময় তাঁকে পাশে দাঁড় করিয়ে অভিজিৎ বলেছিলেন, তিনিও একজন শিল্পী। শিল্পীরা যদি আন্দোলনকে সমর্থন না করেন, ত হলে তাঁদের সিনেমা বন্ধ করে দেওয়া দরকার। এই ঘটনার পর শুক্রবার ‘অরা ট্যুর’ থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=SIbmQxi89Ay0o03h” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>