দিল্লির রামলীলা ময়দানে সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে একগুচ্ছ নতুন বিধিনিষেধ চালুর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এই ময়দানে সর্বাধিক ৫০ হাজার মানুষ জমায়েত করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা, এই সাত ঘণ্টার মধ্যেই শেষ করতে হবে সমস্ত কর্মসূচি। এছাড়া কোনও কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন জানাতে হবে। তবে নতুন নিয়মের খসড়া এখনও চূড়ান্ত হয়নি। অনুমোদনের জন্য তা দিল্লি পুলিশের সদর দপ্তরে পাঠানো হয়েছে।
খসড়া নির্দেশিকা অনুযায়ী, রামলীলা ময়দান ব্যবহারের জন্য প্রথমে দিল্লি পুরনিগম বা এমসিডির কাছ থেকে মাঠ খালি থাকার শংসাপত্র বা ‘ভেন্যু অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট’ সংগ্রহ করতে হবে আয়োজকদের। নির্দিষ্ট দিনে অন্য কোনও কর্মসূচি না থাকলে পুরনিগমের অনুমতি মিলবে। তারপর সেই নথি-সহ পুলিশের কাছে আবেদন জানাতে হবে। যদিও ময়দানের সর্বোচ্চ ধারণক্ষমতা ৫০ হাজার নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট কর্মসূচিতে কতজনকে জমায়েতের অনুমতি দেওয়া হবে তা স্থির করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্ভাব্য ভিড় ও নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রস্তাবিত নিয়মে যান চলাচল ও নিরাপত্তার বিষয়েও কড়াকড়ি করা হয়েছে। কর্মসূচি চলাকালীন যান নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং এবং অংশগ্রহণকারীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে আয়োজকদের। এক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় রাখাও বাধ্যতামূলক। কোনওভাবেই রাস্তা, ফুটপাত বা জরুরি পরিষেবার পথ আটকে রাখা যাবে না। সমাবেশের জায়গায় আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ কিংবা আইনত নিষিদ্ধ কোনও সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না।
ময়দান ও তার আশপাশে ড্রোন ওড়ানোর জন্যও আগাম অনুমতি নিতে হবে। এর পাশাপাশি পানীয় জল, চিকিৎসা, শৌচাগার, পরিচ্ছন্নতা এবং বর্জ্য অপসারণের দায়িত্বও নিতে হবে আয়োজকদের। উল্লেখ্য, গত অক্টোবরে যন্তর মন্তরকে মিছিল ও জনসভার জায়গার তালিকা থেকে বাদ দিয়েছিল দিল্লি পুলিশ। তার বদলে রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: চকোলেট ভেবে মুখের মধ্যে ‘পপ-পপ’ বাজি, বিস্ফোরণে মৃত্যু ২ বছরের শিশুর
গত ১ নভেম্বর রামলীলা ময়দানেই এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সভা করেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। তারপরেই এই ঐতিহ্যবাহী জমায়েতের জায়গায় ভিড় নিয়ন্ত্রণ, সময়সীমা ও নিরাপত্তা নিয়ে নতুন বিধির খসড়া তৈরি করল পুলিশ।