দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাংর মেয়ি হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি! লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁদের কাছে ৭ কোটি টাকা দাবি করেছে বলে অভিযোগ। এই ঘটনায় পাঞ্জাবে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর।
পাঞ্জাব পুলিশের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আপ বিধায়ক জারনেল সিংকে কল করে এবং হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয়। দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেল সিংয়ের অভিযোগ, বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে ফোন করা হয়। কেজরিওয়াল এবং তাঁর মেয়েকে বাঁচাতে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না পেলে দু’জনকেই খুন করার হুমকি দেওয়া হয়।
এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন জারনেল। তাঁর অভিযোগের ভিত্তিতে মহালি পুলিশ বিএনএস এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারায় মামলা রুজু করেছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম থানার ইন্সপেক্টর সুনীল কুমারকে।
হুমকির উৎস খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন আধিকারিকেরা। যে মোবাইল নম্বর থেকে বিধায়ককে যোগাযোগ করা হয়েছিল, তার কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং লোকেশন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের পরিচয় ও অবস্থান জানার চেষ্টা চলছে। পাশাপাশি কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করারর জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন জারনেল সিং। তদন্তের অগ্রগতি নিয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে পুলিশ।
আরও পড়ুন: কুলগামে সিআরপিএফের চৌকিতে হামলায় লশকর যোগ! তদন্তকারীদের নজরে সেই জঙ্গি লতিফ
এদিকে, সংগঠিত অপরাধ ও গ্যাংস্টারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পাঞ্জাব পুলিশ। অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের সহযোগিতায় রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় মোট ৪০৬টি তল্লাশি অভিযান চালানো হয়েছে। সেই অভিযানে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশের দাবি, রাজ্যজুড়ে এই অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ৮৩, ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যাংস্টারদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং পাঞ্জাবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোই এই অভিযানেরর লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হ্যারি বক্সার নামে এক ব্যক্তিকে আমেরিকায় আটক করা হয়েছে। তাঁর আসল নাম হরিচাঁদ জাট। গত ৭ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় তাঁকে আটক করা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের অনুমান, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য হ্যআরি বক্সার বিদেশে বসে তোলাবাজির কাজ চালাত। রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলার বামসুর এলাকার বাসিন্দা তিনি। জয়পুরে থাকার সময় বক্সিং শেখার সময় তাঁর নাম হয় হ্যারি বক্সার। অপরাধজগতে পা রাখারর আগে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এমনকি বক্সিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছিলেন বলে খবর।
তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, মারধর, গুলি চালানো এবং ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। দিল্লি, রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন অপরাধমূলক তদন্তেও তাঁর নাম রয়েছে। কেজরিওয়াল ও তাঁর মেয়েকে হুমকি দেওয়ার ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসার পর পাঞ্জাব পুলিশের তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে হুমকির সঙ্গে গ্যাংয়ের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=Rd1CgdRbThFBwYHn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>