কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীকেও আর্জি জানালেন শুভেন্দু

CM Suvendu Adhikari-Amit Shah-Ashwini Vaishnav Photo-SNS

নয়াদিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে ওই সাক্ষাতের ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়ে বলে লিখেছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক সেরে মেট্রো পরিষেবা নিয়েও এদিন রাজধানীতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন তিনি। নিউ গড়িয়া-সেক্টর ফাইভ রুটে মেট্রো দ্রুত চালুর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে দীর্ঘ৭ণ আলোচনা হয় তাঁদের মধ্যে।

এদিকে অমিত শাহকে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্প ডোকরার একটি দুর্গা-পরিবার অর্থাৎ চার ছেলে-মেয়ে-সহ চিরাচরিত দুর্গাপ্রতিমা তুলে দেন শুভেন্দু অধিকারী। সেই ছবি নিজের সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে। আমি তাঁকে মা দুর্গার একটি ঐতিহ্যবাহী ডোকরা শিল্পকর্ম উপহার দিয়েছি। সাক্ষাতের সময় আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। যার মধ্যে রয়েছে রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। পশ্চিমবঙ্গের অগ্রগতি ও সমৃদ্ধির পথে তাঁর মূল্যবান সময়, দিকনির্দেশ এবং নিরন্তর সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

 


অন্যদিকে নয়াদিল্লি সূত্রে খবর, রাজ্যের আইনশৃঙ্খলা, বিশেষ করে এনকাউন্টার এবং তা নিয়ে বিরোধীদের অবস্থান নিয়ে দু’জনের কথা হয়ে থাকতে পারে। এরপর রেলভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মোট ১৭টি রেলপ্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এদিনের বৈঠক যথেষ্ট ইতিবাচক। শুভেন্দু অধিকারী বলেন, ‘চিংড়িহাটার জট কেটে গিয়েছে। যত তাড়াতাড়ি উদ্বোধন করা যায় সে বিষয়ে কথা হয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো রুটের উদ্বোধন করুন। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে দিনক্ষণ স্থির করবে। তারপর জানাবে।’

তাছাড়া হিলি, নন্দীগ্রাম-দেশপ্রাণের মতো আটকে থাকা রেলপ্রকল্প নিয়েও কথা হয় তাঁর রেলমন্ত্রীর সঙ্গে। ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ট্রেন চালু করা যায় কিনা সে আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে কপিলমুনির আশ্রম পর্যন্ত রেলপথের বন্দোবস্ত নিয়ে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিপিআর আর সমীক্ষার কাজ দ্রুত হবে। আগামী কয়েক বছরে গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে।