এইচআইভি সংক্রমণ ঠেকাতে নতুন আশার আলো। বছরে মাত্র দু’টি ইঞ্জেকশন নিলেই এই ভাইরাসে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সেই ওষুধের সস্তা জেনেরিক সংস্করণ তৈরির জন্য মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ামক সংস্থা এফডিএর প্রাথমিক অনুমোদন পেল ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজ। সংস্থার তৈরি লেনাক্যাপাভিরের এই সংস্করণ ১২০টি নিম্ন ও মাঝারি আয়ের দেশে আরও সস্তায় পৌঁছে দেওয়ার পথ খুলে গেল। চুক্তি অনুযায়ী, সেখানে একজনের জন্য বছরে ওষুধটির দাম পড়বে ৪০ ডলার। ২০২৬ সালের শেষের দিকে কয়েকটি দেশে প্রথম চালান পৌঁছতে পারে। ২০২৭ সালে আরও বেশি দেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
লেনাক্যাপাভির নতুন কোনও ওষুধ নয়। এটি মূলত তৈরি করেছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা গিলিয়াড সায়েন্সেস। ২০২৪ সালের অক্টোবরে গিলিয়াডের কাছ থেকে ওষুধটির জেনেরিক সংস্করণ তৈরির স্বেচ্ছামূলক লাইসেন্স পায় ডক্টর রেড্ডি’জ। পরে ইউনিটেইড, উইটস রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড এইচআইভি ইনস্টিটিউট এবং ক্লিনটন হেলথ অ্যাকসেস ইনিশিয়েটিভের সহযোগিতায় ওষুধটির উৎপাদন ও বাজারে আনার প্রস্তুতি এগোয়। এবার সেই জেনেরিক সংস্করণই এফডিএর প্রাথমিক অনুমোদন পেল। এই অনুমোদনের ফলে সংশ্লিষ্ট দেশগুলিতে ওষুধটির ছাড়পত্র ও সরবরাহের প্রক্রিয়া আরও সহজ হতে পারে।
লেনাক্যাপাভির এইচআইভির চিকিৎসার ওষুধ নয়, সংক্রমণ প্রতিরোধের জন্য তৈরি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় ‘প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস’ বা প্রিপ (PrEP)। অর্থাৎ, যাঁদের এইচআইভি সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাঁরা সংক্রমণের আগেই এই ওষুধ নিতে পারেন। বর্তমানে এই প্রতিরোধের জন্য প্রতিদিন বড়ি খাওয়ার পদ্ধতি রয়েছে। কিন্তু নিয়ম করে রোজ ওষুধ খাওয়া অনেকের পক্ষেই কঠিন। সেই জায়গায় ছ’মাস অন্তর একটি করে ইঞ্জেকশন নেওয়ার সুযোগ অনেকের কাছে সুবিধাজনক হতে পারে।
লেনাক্যাপাভির ভাইরাসের ক্যাপসিড বা বাইরের প্রোটিনের আবরণকে লক্ষ্য করে কাজ করে। এই আবরণ ভাইরাসের বংশবৃদ্ধি এবং শরীরের কোষে সংক্রমণ ছড়ানোর বিভিন্ন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ওষুধটি ভাইরাসের জীবনচক্রের একাধিক পর্যায়ে বাধা দিয়ে তার সংখ্যাবৃদ্ধি আটকে দিতে পারে। বড় মাপের পরীক্ষায় এই ওষুধ এইচআইভি সংক্রমণ প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর বলে দেখা গিয়েছে।
আরও পড়ুন: দীপাবলির বাজিতে দগ্ধ ১৭৭, আহত শিশুদের নিয়েও উদ্বেগ চিকিৎসকদের
তবে এই ইঞ্জেকশন অন্য যৌনবাহিত সংক্রমণ থেকে সুরক্ষা দেয় না। এটি নেওয়ার আগে এবং পরবর্তী ডোজের সময়ও এইচআইভি সংক্রমণ নেই, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া জরুরি। এফডিএর এই প্রাথমিক অনুমোদনও মানে এই নয় যে ওষুধটি সঙ্গে সঙ্গেই ভারতের বাজারে পাওয়া যাবে। ১২০টি দেশের জন্য নির্ধারিত লাইসেন্স, স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র এবং সরবরাহের ব্যবস্থা – সব কিছুর উপরেই তার সহজলভ্যতা নির্ভর করবে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=89NhuXfrpGw2bKjq” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>