বাপের বাড়ি আসার প্রস্তুতি প্রায় শেষ। আর একদিন পরেই মা চলে আসবেন তাঁর বাপের বাড়িতে। সঙ্গে থাকবে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক। দুর্গা (Durga Puja) যখন বাপের বাড়িতে আসেন তখন কৈলাসে মহাদেব একা থাকেন। তবে স্ত্রীর সঙ্গ কিছুতেই ছাড়তে চান না মহাদেব। স্ত্রী উমার পিছনে পিছনে মহাদেব না এলেও মূর্তির পিছনে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। শিবের একটি ছোট, অনাড়ম্বর ছবি আঁকা থাকে। যা দর্শনার্থীদের চোখে খুব একটা পড়ে না।
এর পিছনে একাধিক ব্যাখ্যা রয়েছে। কোনও কোনও মতে, এটি মহাজাগতিক ঐক্যের প্রতীক। আবার কিছু কিছু বিশ্বাস রয়েছে, এর মাধ্যমে স্ত্রীর প্রতি শিবের অটুট ভালোবাসার প্রকাশ ঘটে।
আরও পড়ুন: শরৎ এল রে: শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং, কলকাতার এই পুজোগুলো ঘুরে দেখতে পারেন
দুর্গা (Durga Puja) শক্তির প্রতীক, তাঁর পরিপূরক শিব ছাড়া সেই শক্তির পূর্ণতা সম্ভব নয়। দুর্গার পিছনে শিবের অবস্থান মনে করিয়ে দেয়, দেবী যেমন তাঁর শক্তির উৎস থেকে শক্তি পান, তেমনই শিবও শক্তির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাঁরা একই মহাজাগতিক সত্যের দুই অর্ধাংশ। শক্তি যখন জগতে প্রকাশিত হন, শিব তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেন।
শিবের এই উপস্থিতির মধ্যে সাংস্কৃতিক তাৎপর্যও খুঁজে পান অনেকে। দুর্গাপুজোতে (Durga Puja) দেবীকে বাপের বাড়িতে ফিরে আসতে দেখা যায়। অন্যদিকে শিব থেকে যান কৈলাসে। লোককথায় ইঙ্গিত মেলে, স্ত্রীকে ছেড়ে থাকতে না পেরে শিবও গোপনে তাঁর পিছনে পিছিনে আসেন এবং আড়াল থেকে সব কিছু দেখেন। দুর্গার পিছনে তাঁর ছবি আঁকার মধ্যে তাই নীরব অভিভাবকত্বের ভাবনাও রয়েছে। যা শিবের বৈরাগী চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
আরও পড়ুন: শরৎ এল রে: দেবী দুর্গার মর্ত্যে আগমন এবং গমন কিসের উপর নির্ভর করে জানেন, তাহলে জেনে নিন
অদ্বৈত বেদান্ত এবং তন্ত্রদর্শন অনুসারে, চৈতন্য বা শিব এবং শক্তি বা প্রকৃতির পারস্পরিক ক্রিয়ার মাধ্যমেই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালিত হয়। তাঁরা একে অপরের থেকে বিচ্ছিন্ন নন। দুর্গা যেখানে কর্ম ও শক্তির দেবী, সেখানে শিব সেই স্থির চৈতন্য, যেখান থেকে সমস্ত কর্মের উদ্ভব। দেবীর ক্রোধ থেকে শুরু করে তাঁর বিজয়-সব কিছুর পিছনেই শিবের নিষ্ক্রিয় শক্তির সঙ্গে তাঁর মিলন হয়।
তাই দুর্গাপুজোয় আড়ালে থাকা শিব চিরন্তন মহাজাগতিক ভারসাম্যের কথা মনে করিয়ে দেয়। প্রতিমায় তাঁর এই সূক্ষ্ম উপস্থিতি যেন একটি দার্শনিক বার্তা বহন করে। প্রকৃত শক্তি আধিপত্যে নয়, ভারসাম্যে নিহিত। শিবের এই উপস্থিতি আমাদের শেখায় নারী-পুরুষের সমতা, সম্প্রীতি, পারস্পরিক সম্মান এবং বিপরীত শক্তির মধ্যে পবিত্র সহাবস্থানের কথা।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=DCWmg5AThmssTXn9″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>