বার্লিনের বাঙ্কারে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন হিটলার না কি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন?

Image: AI

১৯৪৫ সালের ৩০ এপ্রিল। বার্লিনের ভূগর্ভস্থ ফ্যুরারবাঙ্কারে শেষ হয়ে আসছে অ্যাডলফ হিটলারের রাজনৈতিক জীবন। হাজার বছরের রাইখ সাম্রাজ্য মাত্র বারো বছরেই অতীত হয়ে যেতে চলেছে। একসময় ফ্রেডরিক নীৎসের দার্শনিক বিক্রিয়ার ফলে সৃষ্ট অতি মানব ক্রমশ সংকুচিত হচ্ছে বিশ্ব রণাঙ্গনে| তারই নির্দেশে ইউরোপের মানচিত্র বদলে গিয়েছিল, সামরিক অভিযানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল, সেই হিটলার তখন নিজের রাজধানীতেই কার্যত অবরুদ্ধ। সোভিয়েত লাল ফৌজ বার্লিনের কেন্দ্রের দিকে এগিয়ে আসছে। রাইখস্ট্যাগের পতন আসন্ন। বাইরে কামানের গোলা, ভিতরে পরাজয়ের আশঙ্কা। ২৯ এপ্রিল ইভা ব্রাউনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ৩০ এপ্রিল দু’জনে আত্মহত্যা করেন বলে প্রচলিত ও ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত বিবরণ। তাঁদের দেহ চ্যান্সেলারির বাগানে নিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু এই মৃত্যুসংবাদ প্রকাশিত হওয়ার পরও পৃথিবীর সর্বত্র তা হিটলারের গোপন এসকেপ প্ল্যান বলেই স্বীকৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে জন্ম নেয় বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত রাজনৈতিক রহস্য, হিটলার কি সত্যিই মারা গিয়েছিলেন, নাকি নিজের মৃত্যুর একটি পরিকল্পিত নাটক সাজিয়ে ইউরোপ থেকে পালিয়ে গিয়েছিলেন? তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে আসে স্পেন, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং বিশেষ করে আর্জেন্টিনার নাম। এই কাহিনির গুরুত্ব আরও বেড়ে যায় যখন জানা যায়, যুদ্ধের পর বাস্তবেই বহু নাৎসি কর্মকর্তা ও যুদ্ধাপরাধী ইউরোপ ছেড়ে দক্ষিণ আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআইয়ের গোপন নথি প্রকাশিত হলে হিটলারের সম্ভাব্য পলায়ন নিয়ে পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় আসে।

 


হিটলার এবং তাঁর প্রেমিকা ইভা ব্রাউন

স্ট্যালিনের সন্দেহ এবং হিটলারের অন্তর্ধান আজও বিশ্ব রাজনীতির এক শ্রেষ্ঠ রহস্য! হিটলারের মৃত্যুর প্রশ্নটি যে কতটা আন্তর্জাতিক গুরুত্ব লাভ করেছিল, তার একটি উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংরক্ষিত কূটনৈতিক নথিতে। ১৯৪৫ সালের ২৬ মে মস্কোর ক্রেমলিনে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হ্যারি হপকিন্স। উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত অ্যাভেরেল হ্যারিম্যান এবং কূটনীতিক চার্লস বোহলেন। বৈঠকের আলোচ্য বিষয়গুলির মধ্যে হিটলারের পরিণতিও উঠে আসে।হপকিন্স স্ট্যালিনকে জানান, তিনি আশা করছেন সোভিয়েত বাহিনী হিটলারের মৃতদেহ খুঁজে পাবে। উত্তরে স্ট্যালিন এমন একটি মন্তব্য করেন, যা পরবর্তী কয়েক দশক ধরে হিটলারের অন্তর্ধান-রহস্যের আলোচনায় উদ্ধৃত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সরকারি নথিতে তাঁর বক্তব্যটি এভাবে লিপিবদ্ধ রয়েছে,  ‘In my opinion Hitler was not dead but hiding somewhere.’ অর্থাৎ, স্ট্যালিনের ব্যক্তিগত ধারণা ছিল, হিটলার মারা যাননি, কোথাও আত্মগোপন করে রয়েছেন। তিনি আরও জানান, সোভিয়েত চিকিৎসকেরা গোয়েবলস ও হিটলারের চালকের দেহ শনাক্ত করার কথা বললেও তিনি নিজে গোয়েবলসের মৃত্যুর বিষয়েও সন্দিহান। স্ট্যালিনের ধারণা ছিল, হিটলার, মার্টিন বোরমান, গোয়েবলস এবং সম্ভবত হান্স ক্রেবসও পালিয়ে গিয়ে আত্মগোপন করেছেন। তিনি এমনকি জার্মানি থেকে জাপানের উদ্দেশে যাতায়াতকারী বড় সাবমেরিনগুলির কথাও উল্লেখ করেন। তাঁর সন্দেহ ছিল, হিটলার ও তাঁর সহযোগীরা হয়তো সেই সাবমেরিন ব্যবহার করে পালিয়ে গিয়েছেন।

স্ট্যালিনের এই বক্তব্যের কয়েক দিন পরেই ৯ জুন ১৯৪৫ সালে বার্লিনে সাংবাদিক সম্মেলনে সোভিয়েত সেনাবাহিনীর সর্বাধিনায়ক মার্শাল জর্জি ঝুকভ হিটলারের পরিণতি সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘He could have taken off at the very last moment, for there was an airfield at his disposal.’ অর্থাৎ, শেষ মুহূর্তে হিটলার বিমানযোগে পালিয়ে যেতে পারেন, কারণ তাঁর হাতে একটি বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ ছিল। ঝুকভ আরও বলেন,  “We have found no corpse that could be Hitler’s.’ তাঁরা এমন কোনও মৃতদেহ খুঁজে পাননি, যেটিকে নিশ্চিতভাবে হিটলারের বলে শনাক্ত করা যায়। তিনি পরিস্থিতিকে অত্যন্ত রহস্যজনক বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: রবীন্দ্র আলেখ্যে নারী চরিত্রেরা,পর্ব ৯: ‘শেষ কথা’-র অচিরা কেন অরণ্যে আশ্রয় নিয়েছিল?

একই সময়ে বার্লিনের সোভিয়েত সামরিক প্রশাসনের প্রধান জেনারেল নিকোলাই বেরজারিনের বক্তব্যেও হিটলারের ইউরোপের অন্য কোথাও আত্মগোপনের সম্ভাবনা উঠে আসে। তিনি স্পেনের ফ্রাঙ্কো সরকারের আশ্রয়ের সম্ভাবনার কথাও বলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। ২ মে ১৯৪৫ সালের সাংবাদিক সম্মেলনে তাঁকে হিটলারের মৃত্যু সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি উত্তর দেন, ‘We have the best—on the best authority possible to obtain at this time that Hitler is dead.’ সেই মুহূর্তে যতটা নির্ভরযোগ্য সূত্র পাওয়া সম্ভব, তার ভিত্তিতে তিনি হিটলারের মৃত্যুর খবর পেয়েছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তখনও বিস্তারিত জানা যায়নি বলে ট্রুম্যান জানান।

ব্রিটিশ সরকারের অবস্থানও প্রথমদিকে নিশ্চিত ছিল না। ১৫ অক্টোবর ১৯৪৫ সালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে হিটলারের মৃত্যুর প্রমাণ সম্পর্কে প্রশ্ন করা হলে বিদেশ দপ্তরের আন্ডার-সেক্রেটারি হেক্টর ম্যাকনিল বলেন, ‘His Majesty’s Government have no evidence proving conclusively either that Hitler is dead or that he is alive.’ ব্রিটিশ সরকারের কাছে তখন এমন কোনও প্রমাণ ছিল না, যা চূড়ান্তভাবে হিটলারের মৃত্যু কিংবা জীবিত থাকার বিষয়টি প্রতিষ্ঠা করতে পারে। এই বক্তব্যগুলির মধ্যে একটি ঐতিহাসিক বৈপরীত্য রয়েছে।

যাঁরা বার্লিন দখল করেছিলেন, সেই সোভিয়েত নেতৃত্বের একাংশই হিটলারের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট মৃত্যুসংবাদকে নির্ভরযোগ্য বলে জানাচ্ছিলেন, অথচ ব্রিটিশ সরকার তখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। যুদ্ধের পরবর্তী কয়েক মাসে এই অনিশ্চয়তাই হিটলারের পলায়ন নিয়ে আন্তর্জাতিক কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়। এফবিআইয়ের গোপন নথিতে আর্জেন্টিনায় হিটলারের সন্ধান নিশ্চিতভাবেই পাওয়া যায় |হিটলারের সম্ভাব্য পলায়ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই যে কতটা সক্রিয় ছিল, তার প্রমাণ পাওয়া যায় সংস্থাটির প্রকাশিত গোপন নথিতে। ১৯৪৫ সালের জুলাই মাসে জার্মান সাবমেরিন U-530 আর্জেন্টিনার মার দেল প্লাতা বন্দরে আত্মসমর্পণ করে।

সাবমেরিনটির আত্মসমর্পণের পরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, হিটলার ও ইভা ব্রাউন হয়তো ওই সাবমেরিনে করে দক্ষিণ আমেরিকায় পৌঁছেছেন। ১০ জুলাই সাবমেরিনটির আত্মসমর্পণের ঘটনা এই জল্পনাকে আরও উসকে দেয়। জার্মান নৌবাহিনীর আর একটি সাবমেরিন U-977 আর্জেন্টিনায় আত্মসমর্পণ করে। ফলে দুটি সাবমেরিনকে ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে। এফবিআইয়ের পরিচালক জে. এডগার হুভারের দপ্তর থেকে আর্জেন্টিনায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে পাঠানো একটি জরুরি বার্তায় লেখা হয়েছিল, ‘BUREAU INTENSELY INTERESTED IN ALL RUMORS CONCERNING WHEREABOUTS OF HITLER.’

হিটলারের অবস্থান সম্পর্কে প্রচলিত সমস্ত গুজবের ব্যাপারে এফবিআই অত্যন্ত আগ্রহী। একই বার্তায় সংস্থাটি আর্জেন্টিনায় তাঁর সম্ভাব্য উপস্থিতি এবং গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রতিদিন তদন্তের অগ্রগতি জানাতে বলে। এফবিআইয়ের ৩১ জুলাই ১৯৪৫ সালের একটি প্রতিবেদনের শিরোনাম ছিল Reports That Adolf Hitler and Eva Braun Are in Argentina। সেখানে উরুগুয়ের মন্টেভিডিও থেকে আসা একটি সংবাদসূত্রের উল্লেখ করা হয়। দাবি করা হয়েছিল, জার্মান সাবমেরিনে করে হিটলার ও ইভা ব্রাউন আর্জেন্টিনায় পৌঁছেছেন।

আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে একটি জার্মান মালিকানাধীন বিশাল সম্পত্তিতে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছে বলেও কিছু সংবাদ প্রচারিত হয়েছিল। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, মার দেল প্লাতা থেকে প্রায় সাতশো মাইল দক্ষিণে কয়েকজন মানুষকে একটি রাবারের নৌকায় উপকূলের দিকে যেতে দেখা গিয়েছিল। এইসব খবরের মধ্যে কতটা সত্য এবং কতটা কল্পনা, তা যাচাই করার জন্য আর্জেন্টিনার পুলিশ ও মার্কিন গোয়েন্দারা অনুসন্ধান শুরু করেন। ৭ আগস্ট ১৯৪৫ তারিখের এফবিআই রেডিওগ্রামে বুয়েনস আইরেস থেকে জানানো হয়, ‘REPORTS THAT HITLER AND EVA BRAUN IN ARGENTINA ARE UNFOUNDED.’

অ্যাডলফ হিটলার

হিটলার ও ইভা ব্রাউন আর্জেন্টিনায় রয়েছেন—এই প্রতিবেদনগুলির কোনও ভিত্তি পাওয়া যায়নি। ওই বার্তায় আরও বলা হয়, আর্জেন্টিনার পুলিশ সাবমেরিন থেকে সম্ভাব্য অবতরণের সূত্র অনুসন্ধান করেছে, কিন্তু তদন্তে ইতিবাচক ফল মেলেনি। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। এফবিআই হিটলারের পলায়নের সম্ভাবনা নিয়ে অনুসন্ধান করলেও সংস্থাটি তার প্রাপ্ত প্রতিটি খবরকে সত্য বলে গ্রহণ করেনি। বরং ১৯৪৫ সালের ৬ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছিল, হিটলার আর্জেন্টিনায় রয়েছেন, এমন কোনও ইঙ্গিত তখন পর্যন্ত পাওয়া যায়নি।

ফলে এফবিআইয়ের নথিগুলি যেমন পলায়নের গুজবের অস্তিত্ব প্রমাণ করে, তেমনই সেই গুজবের বিরুদ্ধে পরিচালিত সরকারি তদন্তের ফলাফলও তুলে ধরে। সিআইএর ১৯৫৫ সালের নথিতে এই রহস্যের গভীর আলোকপাত করে মার্কিন এজেন্ট ফিলিপ সিট্রোয়েনের আশ্চর্য দাবি! এফবিআইয়ের অনুসন্ধানের এক দশক পর হিটলারের জীবিত থাকার কাহিনি আবার নতুন করে সামনে আসে। এবার আলোচনার কেন্দ্রে সিআইএ। ১৯৫৫ সালের ৩ অক্টোবর সিআইএর কারাকাস স্টেশন থেকে ওয়াশিংটনের সদর দপ্তরে একটি গোপন বার্তা পাঠানো হয়। সেখানে ফিলিপ সিট্রোয়েন (Phillip Citroen) নামে এক ব্যক্তির বক্তব্যের উল্লেখ ছিল। তিনি প্রাক্তন এসএস সদস্য বলে পরিচিত ছিলেন এবং ভেনেজুয়েলার মারাকাইবোতে বসবাস করতেন।

সিট্রোয়েনের এক পরিচিত ব্যক্তি সিআইএর তথ্যদাতাকে জানান, সিট্রোয়েন দাবি করেছেন হিটলার তখনও জীবিত। তাঁর বক্তব্য অনুযায়ী, কলম্বিয়ার টুনজা শহরে হিটলারের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তিনি সেখানে একটি রেলওয়ে সংস্থার কর্মী হিসেবে কাজ করার সময় নিয়মিত কলম্বিয়া যাতায়াত করতেন। সেই সূত্রে নাকি মাসে একবার হিটলারের সঙ্গে তাঁর যোগাযোগ হতো। ১৯৫৫ সালের ১৭ অক্টোবর সিআইএর লস অ্যাঞ্জেলেস স্টেশন থেকে পাঠানো আর একটি প্রতিবেদনে এই কাহিনির বিস্তারিত বিবরণ পাওয়া যায়। নথিতে লেখা হয়, সিট্রোয়েন কলম্বিয়ার টুনজায় ‘Residencias Coloniales’ নামে একটি জায়গায় এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন, যিনি নিজেকে অ্যাডলফ হিটলার বলে পরিচয় দিয়েছিলেন।

সেখানে বসবাসকারী কিছু প্রাক্তন জার্মান নাৎসি তাঁকে ‘Der Führer’ বলে সম্বোধন করতেন এবং নাৎসি অভিবাদন জানাতেন বলে দাবি করা হয়। এই প্রতিবেদনের সঙ্গে আরও একটি চাঞ্চল্যকর তথ্য যুক্ত হয়। সিট্রোয়েন নাকি নিজের সঙ্গে ওই ব্যক্তির একটি ছবিও দেখিয়েছিলেন। কিন্তু ছবিটির নেগেটিভ এতটাই খারাপ ছিল যে, সেখান থেকে ভালো প্রতিলিপি তৈরি করা সম্ভব হয়নি। মূল ছবিটিও অল্প সময়ের জন্য ধার নেওয়া হয়েছিল এবং পরে ফেরত দেওয়া হয়। সিআইএ নথিতে এই তথ্যের মূল্যায়ন করতে গিয়ে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে, ‘Because of this and the apparent fantasy of the report, the information was not submitted at the time it was received.’

কিন্তু সিট্রোয়েনের দাবি এখানেই শেষ হয়নি। সিআইএর একই নথিতে তাঁর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, হিটলার ১৯৫৫ সালের জানুয়ারি মাসের দিকে কলম্বিয়া ছেড়ে আর্জেন্টিনায় চলে গিয়েছিলেন। অর্থাৎ, সিট্রোয়েনের কাহিনি অনুযায়ী, হিটলারের দক্ষিণ আমেরিকার জীবন শুরু হয়েছিল কলম্বিয়ায় এবং পরবর্তী সময়ে তিনি আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিলেন। তাঁর নতুন পরিচয় ছিল ‘Adolf Schrittelmayor’। এই তথ্যটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে। কারণ, এর আগে থেকেই আর্জেন্টিনায় নাৎসি যুদ্ধাপরাধীদের আত্মগোপনের ঘটনা জানা গিয়েছিল। কিন্তু সিআইএ এই দাবির সত্যতা নিয়ে সন্দিহান ছিল। সংস্থার সদর দপ্তরের ১৯৫৫ সালের নভেম্বর মাসের একটি নথিতে বলা হয়, ‘Therefore, we suggest that this matter be dropped.’ এই বিষয়ে আর অনুসন্ধান চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলে পরামর্শ দেওয়া হয়। কিন্তু কেন? কিসের ভয়?

আরও পড়ুন: রবীন্দ্র আলেখ্যে নারী চরিত্রেরা,পর্ব ৮: ‘ল্যাবরেটরি’ এক মনস্তত্ত্বের গবেষণাগার

আর্জেন্টিনার প্যাটাগোনিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই হয়ে উঠেছিল নাৎসিদের গোপন আশ্রয়স্থল! হিটলারের আর্জেন্টিনায় পালিয়ে যাওয়ার গল্পের সঙ্গে প্যাটাগোনিয়া অঞ্চলের নাম বারবার উঠে এসেছে। আর্জেন্টিনার দক্ষিণে বিস্তৃত এই অঞ্চলটি তার বিশাল প্রাকৃতিক ভূখণ্ড, পাহাড়, বনাঞ্চল ও জনবিরল বসতির জন্য পরিচিত। যুদ্ধোত্তর সময়ে এখানে জার্মান অভিবাসীদের বসবাস এবং বিভিন্ন জার্মান মালিকানাধীন সম্পত্তির উপস্থিতি নিয়ে নানা কাহিনি প্রচলিত ছিল। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নাৎসি নেতাদের জন্য আগে থেকেই নিরাপদ আশ্রয়স্থল তৈরি রাখা হয়েছিল। সেখানে খাদ্য, বাসস্থান এবং প্রয়োজনীয় যোগাযোগের ব্যবস্থা ছিল বলেও বলা হতো।

এফবিআইয়ের নথিতে ১৯৪৫ সালের জুলাই মাসে এমন একটি সংবাদপ্রতিবেদনের উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছিল, হিটলার ও ইভা ব্রাউন প্যাটাগোনিয়ার একটি বিশাল জার্মান মালিকানাধীন সম্পত্তিতে বসবাস করছেন। আর একটি কাহিনিতে দক্ষিণ আটলান্টিকের উপকূলে সাবমেরিন থেকে নেমে আসা কয়েকজন ব্যক্তির কথা বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর্জেন্টিনা সত্যিই বহু নাৎসি কর্মকর্তার আশ্রয়স্থল হয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম অ্যাডলফ আইখম্যান। হলোকাস্টের সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইহুদিদের নির্বাসনের প্রশাসনিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

যুদ্ধের পর তিনি ইতালির মাধ্যমে ১৯৫০ সালে আর্জেন্টিনায় পৌঁছে ‘রিকার্ডো ক্লেমেন্ট’ নামে বসবাস শুরু করেন। ১৯৬০ সালে মোসাদ তাঁকে বুয়েনস আইরেস থেকে অপহরণ করে ইজরায়েলে নিয়ে যায়। ১৯৬১ সালে তাঁর বিচার হয় এবং ১৯৬২ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একইভাবে আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিলেন আউশভিৎসের চিকিৎসক ইয়োজেফ মেঙ্গেলে। বন্দিদের ওপর অমানবিক চিকিৎসা-পরীক্ষার জন্য কুখ্যাত এই ব্যক্তি আর্জেন্টিনা থেকে প্যারাগুয়ে ও পরে ব্রাজিলে চলে যান। ১৯৭৯ সালে ব্রাজিলে তাঁর মৃত্যু হয়। ১৯৯২ সালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর দেহাবশেষের পরিচয় নিশ্চিত করা হয়।

২০২৫ সালে হিটলার প্রসঙ্গে আর্জেন্টিনার গোপন নথি প্রকাশ হয়| এই ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয় ২০২৫ সালের ২৯ এপ্রিল। আর্জেন্টিনার জাতীয় আর্কাইভ (Archivo General de la Nación) নাৎসি কর্মকর্তাদের আগমন ও কার্যকলাপ সম্পর্কিত প্রায় ১,৮৫০টি সরকারি নথি অনলাইনে প্রকাশ করে। এই নথিগুলি ১৯৫০ থেকে ১৯৮০-এর দশক পর্যন্ত আর্জেন্টিনার ফেডারেল পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং জেন্ডারমেরির তদন্তের ফল। ১৯৯২ সালে প্রেসিডেন্সিয়াল ডিক্রি ২৩২-এর মাধ্যমে এই নথিগুলির গোপনীয়তা তুলে নেওয়া হয়েছিল। এতদিন নির্দিষ্ট আর্কাইভে গিয়ে গবেষকদের এগুলি দেখতে হতো। ২০২৫ সালে সেগুলি অনলাইনে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক গবেষকদের কাছে নতুন তথ্যের দরজা খুলে যায়। এই নথিগুলির তাৎপর্য মূলত আর্জেন্টিনায় নাৎসি অপরাধীদের প্রবেশ, তাঁদের পরিচয় এবং সরকারি সংস্থাগুলির তদন্ত সম্পর্কে।

শেষ পর্যন্ত হিটলারের কী হয়েছিল? এতসব বিতর্কের পর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়| হিটলার কি সত্যিই বার্লিনে আত্মহত্যা করেছিলেন? আধুনিক গবেষণা এবং ফরেনসিক পরীক্ষার ফল এই প্রশ্নের উত্তরকে অনেকটাই নিশ্চিত করেছে। ২০১৮ সালে ফরাসি গবেষক ফিলিপ শার্লিয়ে ও তাঁর সহযোগীরা মস্কোয় সংরক্ষিত হিটলারের বলে চিহ্নিত দাঁত ও চোয়ালের অংশ পরীক্ষা করেন। দাঁতের গঠন, চিকিৎসার চিহ্ন এবং তাঁর পরিচিত দন্তসংক্রান্ত নথির সঙ্গে তুলনা করে তাঁরা পরিচয় সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছন। গবেষণাটি European Journal of Internal Medicine-এ প্রকাশিত হয়। এই বৈজ্ঞানিক অনুসন্ধান হিটলারের ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বার্লিনে মৃত্যুর ঐতিহাসিক সিদ্ধান্তকে আরও শক্তিশালী করার এক ব্যর্থ চেষ্টা |

আর্জেন্টিনায় ব্যারিলোচেতে আজও রয়েছে হিটলারের বাড়ি! ইনালকো হাউস! ইতিহাসের প্রেক্ষাপটে খলনায়কের দৃশ্যপটের অন্তরালে অবস্থানকে বাস্তব সত্যের নিরিখে প্রমাণ করে এই বাড়ি! হিটলারের জীবিত থাকার প্রসঙ্গে স্বীকৃত কিছু তথ্যসূত্রের উল্লেখ করি :

১৯৪৫ সালে স্ট্যালিনের সঙ্গে হ্যারি হপকিন্সের বৈঠক| হিটলারের জীবিত থাকার বিষয়ে স্ট্যালিনের বক্তব্য

US National Archives, Hunting Hitler Part VII – ঝুকভের ৯ জুনের সাংবাদিক সম্মেলন এবং ১৯৪৫ সালের আন্তর্জাতিক অনুসন্ধান                    

Truman Presidential Library – ২ মে ১৯৪৫-এ ট্রুম্যানের সাংবাদিক সম্মেলন                                                

British Hansard, 15 October 1945                ব্রিটিশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান                                                      

FBI Adolf Hitler Files, Part II – ১৯৪৫ সালের আর্জেন্টিনা, সাবমেরিন ও হিটলারের সম্ভাব্য অবস্থান নিয়ে তদন্ত               

CIA Hitler File, 1955 – ফিলিপ সিট্রোয়েনের কলম্বিয়া ও আর্জেন্টিনা-সংক্রান্ত দাবি                               

US National Archives, CIA Records Report, 2001

Argentina National Archives, 29 April 2025  আর্জেন্টিনায় নাৎসি কার্যকলাপ সম্পর্কিত প্রায় ১,৮৫০টি নথি প্রকাশ                       

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=D3l2_oLxqnZtImm1″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>