প্রথম দফার ভোটের আগে বড় সাফল্য পেল পুলিশ। জলপাইগুড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম সহিদুর আলি। তাঁর কাছ থেকে প্রায় এক কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানেল রোড এলাকায় ফাঁদ পাতে পুলিশ। শিলিগুড়িগামী ওই এলাকায় অপেক্ষা করছিলেন সহিদুর। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া দুটি প্যাকেটে মোট এক কেজি ব্রাউন সুগার পাওয়া যায়। এই বিপুল মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এর সঙ্গে বড় কোনও পাচারচক্র জড়িত থাকতে পারে।
ভোটের মুখে এই বিপুল মাদক উদ্ধারের ঘটনায় বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নির্বাচন চলাকালীন মদের ওপর কড়াকড়ি থাকায় বিকল্প নেশার জোগান দিতে এই মাদক ছড়িয়ে দেওয়ার ছক থাকতে পারে।
উল্লেখ্য, ভারতের নির্বাচন কমিশন-এর নির্দেশে ভোটের আগে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ রাখা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে মাদক পাচারের চেষ্টা বাড়তে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। আগে যেখানে নির্দিষ্ট এলাকার ভোটের ৪৮ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ থাকত, সেখানে এবার কমিশন গোটা রাজ্যজুড়েই কড়াকড়ি করেছে। ২৪ থেকে ২৫ এপ্রিল নির্দিষ্ট সময় বাদে প্রায় পুরো সময়ই মদের দোকান বন্ধ থাকবে। দ্বিতীয় দফার ভোটের আগেও একই নিয়ম কার্যকর হবে।
এই ঘটনার পর ভোটের আগে মাদক পাচার রুখতে আরও কড়া নজরদারি চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।