শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেডের সহযোগী সংস্থা শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের সঙ্গে শ্রী ভেঙ্কটেশ্বর ইলেক্ট্রোকাস্ট প্রাইভেট লিমিটেডের সংযুক্তিকরণে অনুমোদন দিল ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চ। গত ১৬ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। সংযুক্তিকরণটি ২০২৪ সালের ১ এপ্রিল থেকে পূর্ববর্তী তারিখের ভিত্তিতে কার্যকর বলে গণ্য হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই সংযুক্তিকরণের মূল লক্ষ্য অ্যালুমিনিয়াম ফয়েল উৎপাদন ও সংশ্লিষ্ট ব্যবসাকে একটি একক কাঠামোর অধীনে নিয়ে আসা। এর ফলে উৎপাদন ও পরিচালন ব্যবস্থায় সমন্বয় বাড়বে। পাশাপাশি, সরবরাহ শৃঙ্খল উন্নত করা এবং কর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক সুবিধা অর্জনের সুযোগ তৈরি হবে।
শ্রী ভেঙ্কটেশ্বর ইলেক্ট্রোকাস্ট ইতিমধ্যেই শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা। ফলে এই সংযুক্তিকরণের জন্য নতুন করে কোনও ইক্যুইটি শেয়ার ইস্যু বা বরাদ্দ করতে হবে না। সংযুক্তিকরণ কার্যকর হলে সংস্থাটির বিদ্যমান শেয়ার মূলধন বাতিল হবে।
শ্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ব্রিজ ভূষণ আগরওয়াল জানান, শ্রী ভেঙ্কটেশ্বর ইলেক্ট্রোকাস্টের সংযুক্তিকরণ পরিচালনগত অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে অ্যালুমিনিয়াম ফয়েলের উৎপাদন ও বিপণন ব্যবস্থায় সমন্বয় বাড়বে, প্রশাসনিক জটিলতা কমবে এবং কার্যকরী মূলধনের ব্যবহার উন্নত হবে।
আরও পড়ুন: ট্রেন তৈরিতে পোল্যান্ডের পেসার সঙ্গে হাত মেলাল জুপিটার ওয়াগনস
এ ছাড়া, শ্রী ভেঙ্কটেশ্বর ইলেক্ট্রোকাস্টের সমস্ত সম্পদ, দায়বদ্ধতা, চুক্তি ও কর্মী শ্যাম সেল অ্যান্ড পাওয়ারের অধীনে চলে আসবে। পশ্চিমবঙ্গের রেজিস্ট্রার অফ কোম্পানিজের কাছে ট্রাইব্যুনালের নির্দেশের প্রত্যয়িত অনুলিপি জমা দেওয়ার পর সংস্থাটির পৃথক অস্তিত্ব বিলুপ্ত হবে। এই পদক্ষেপের মাধ্যমে ব্যবসায়িক কাঠামো সরল করার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিচালনগত দক্ষতা বাড়াতে চাইছে শ্যাম মেটালিক্স।