দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক শাখা আজ, ২৩ মে থেকে টানা কয়েকদিন বন্ধ থাকতে পারে। সপ্তাহান্তের ছুটি, ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘট এবং ঈদুজ্জোহা উপলক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গ্রাহকদের জন্য স্বস্তির খবর, শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ, এটিএম এবং ডিজিটাল লেনদেন পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে।
দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা?
২৩ মে (চতুর্থ শনিবার):
ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী মাসের চতুর্থ শনিবার শাখাগুলি বন্ধ থাকে।
২৪ মে (রবিবার):
সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ।
২৫ ও ২৬ মে (সোমবার ও মঙ্গলবার):
দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ‘অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ ফেডারেশন’। ফলে এসবিআইয়ের বহু শাখায় পরিষেবা ব্যাহত হতে পারে।
২৭ ও ২৮ মে (বুধবার ও বৃহস্পতিবার):
ঈদুজ্জোহা বা কুরবানি ইদ উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে রিজার্ভ ব্যাঙ্ক ঘোষিত ছুটি থাকবে। জম্মু ও কাশ্মীরে দু’দিনই ছুটি থাকলেও দেশের অন্যত্র কোথাও ২৭ মে, আবার কোথাও ২৮ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
কেন এই ধর্মঘট?
ব্যাঙ্ক কর্মীদের একাধিক দীর্ঘদিনের অমীমাংসিত দাবি-দাওয়া নিয়ে ২৫ ও ২৬ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কর্মী সংগঠনের অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে সমাধান হয়নি। সেই কারণেই দেশব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে।
তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শাখা পরিষেবা আংশিকভাবে প্রভাবিত হলেও ডিজিটাল পরিষেবাগুলি সচল থাকবে। তাই জরুরি লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অনলাইন মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।