ঠাকুমা আশা ভোঁসলে স্মরণে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ফাইল চিত্র

দেশজুড়ে শোকের আবহে সঙ্গীতজগতের এক যুগের অবসান। কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে ভেঙে পড়েছে তাঁর পরিবার থেকে অনুরাগীরা। সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন তাঁর নাতনি জানাই ভোঁসলে। যিনি সোশ্যাল মাধ্যমে ঠাকুমা আশা ভোঁসলেকে স্মরণে এক আবেগঘন বার্তা শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন।

জানাই তাঁর ঠাকুমার সঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে বুঝলাম, আমার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়েছি। আমার জীবনের সবটা যিনি পূর্ণ করেছিলেন। যিনি জন্মের পর প্রথম আমাকে কোলে নিয়েছিলেন, তিনি আর নেই।’ তাঁর কথায় উঠে এসেছে গভীর শূন্যতার এক অনুভূতি—‘এখন আমি কী করব? সকালে উঠে কাকে জড়িয়ে ধরব? কার সঙ্গে চা খাব? বাড়ি ফিরলে কে আমার জন্য অপেক্ষা করবে?’

এই আবেগঘন বার্তার মধ্যেই তিনি জানান, তাঁর ঠাকুমা তাঁকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। জানাই লেখেন, ‘আমি বিশ্বাস করি, তিনি আমাদের উপর নজর রাখছেন এবং খুব শিগগিরই আমার কাছে ফিরে আসবেন। কারণ তিনি সবসময়ই তা বলতেন।’ তিনি আরও বলেন, ‘তাঁকে যদি মনে রাখতে হয়, তাহলে জীবনের আনন্দ আর হাসির মাধ্যমেই মনে রাখুন। কারণ তিনিই ছিলেন জীবন আর হাসির প্রতীক।’


শেষে জানাই তাঁর ঠাকুমার প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আবার দেখা হবে।’ এই আবেগঘন পোস্ট ইতিমধ্যেই বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এমনিতেই শিল্পীর প্রয়াণে সঙ্গীতপ্রেমীরা যেমন শোকাহত, তেমনই পরিবারের এই ব্যক্তিগত বেদনা আরও গভীর করে তুলেছে।