দীর্ঘদিনের অশান্তি, অভিযোগ-পাল্টা অভিযোগ, গ্রেফতারি, মামলা, পাল্টা মামলা। তার সঙ্গে শুটিং বন্ধ, পরিচালক ও অভিনেতাদের নিষিদ্ধ করার বিতর্ক। সব মিলিয়ে গত কয়েক মাসে টলিউডের অন্দরে কার্যত অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই বিতর্কের আবহ কাটিয়ে এ বার নতুন নেতৃত্ব নির্বাচনের পালা। শনিবার, ৩১ অক্টোবর থেকে টেকনিশিয়ান স্টুডিয়োয় শুরু হল টলিউডের বিভিন্ন টেকনিশিয়ান গিল্ডের নির্বাচন। ভোটগ্রহণ চলবে রবিবার, ১ নভেম্বর পর্যন্ত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টলিউডের সাংগঠনিক কাঠামোয় এটিই প্রথম বড় নির্বাচনী প্রক্রিয়া। ফলে এই নির্বাচন ঘিরে স্টুডিয়োপাড়ায় তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
নির্বাচনকে কেন্দ্র করে টেকনিশিয়ান স্টুডিয়োয় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। একাধিক গিল্ডের নির্বাচন হলেও এ বার সবচেয়ে বেশি নজর রয়েছে মেকআপ আর্টিস্ট গিল্ডের দিকে। সাম্প্রতিক সময়ে এই গিল্ডকে কেন্দ্র করেই একাধিক বিতর্ক সামনে এসেছে। সদস্যপদ, গিল্ড কার্ড, আর্থিক লেনদেন এবং সংগঠনের পরিচালন পদ্ধতি নিয়ে উঠেছে নানা অভিযোগ। সেই বিতর্কের পর নতুন কমিটির দায়িত্বে কারা আসেন, তা নিয়ে আগ্রহ রয়েছে টলিউডের অন্দরে।
নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে চলছে, তা খতিয়ে দেখতে এ দিন টেকনিশিয়ান স্টুডিয়োয় উপস্থিত রয়েছেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষও। এর আগে নন্দনে আয়োজিত বৈঠকে টলিউডের সাংগঠনিক জট কাটাতে নির্বাচনের পক্ষেই মত দিয়েছিলেন মিঠুন। স্বচ্ছতার সঙ্গে নতুন করে সংগঠন সাজানোর বার্তাও দিয়েছিলেন তিনি। এ বার সেই নির্বাচনী প্রক্রিয়া বাস্তবে কতটা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেদিকেই নজর।
উল্লেখ্য, গত ১৭ অগস্ট নন্দনে টলিউডের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরেই ৩১ অক্টোবর ও ১ নভেম্বর নির্বাচনের দিন ঘোষণা করা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বিভিন্ন গিল্ডের নির্বাচন সম্পন্ন হবে। তার পর ফেডারেশনের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই নির্বাচনের সঙ্গে জড়িয়ে রয়েছে টলিউডের কাজের পরিবেশ ও ভবিষ্যৎ পরিচালনার একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রযোজকদের প্রয়োজন অনুযায়ী স্বাধীন ভাবে টেকনিশিয়ান নিয়োগের অধিকার, গিল্ডের সদস্যপদ প্রদানে স্বচ্ছতা এবং নতুনদের কাজের সুযোগ তৈরি—সবই আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষ করে মেকআপ আর্টিস্ট গিল্ডের নতুন সভাপতি কে হন এবং নতুন কমিটি কী ভাবে সংগঠনের দায়িত্ব সামলায়, আপাতত সেই দিকেই তাকিয়ে স্টুডিয়োপাড়া।