ফেডারেশনকে ঘিরে বিরোধের জেরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। দুই পক্ষের মধ্যে তীব্র বচসা থেকে পরিস্থিতি অশান্তির রূপ নেয়। অভিযোগ, একে অপরকে লক্ষ্য করে ইট, পাটকেল, ঢিল এমনকি ডিমও ছোঁড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছতে হয় রিজেন্ট পার্ক থানার পুলিশকে।
টলিউড সূত্রে খবর, ফেডারেশনের ভবিষ্যৎ এবং নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই অন্দরে টানাপোড়েন চলছিল। বুধবার একটি বৈঠকে টালিগঞ্জের বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী ফেডারেশনের বর্তমান কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা করেন। সেই বৈঠকেই তিনি ফেডারেশনের সঙ্গে যুক্ত বাবাই ও হাসান নামে দুই পদাধিকারীকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এরপর থেকেই সংগঠনের অন্দরে উত্তেজনা বাড়তে শুরু করে।
বৃহস্পতিবার টেকনিশিয়ান্স স্টুডিওতে ফেডারেশনের আর একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। সেই বৈঠক চলাকালীনই দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে।
পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ায় বৈঠকের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয় ভরার মাঠে আলোচনা করার উদ্যোগ নেওয়া হলেও সেখানে গিয়েও অশান্তি থামেনি। বরং পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলে অভিযোগ।
এক পক্ষের দাবি, ফেডারেশনের পদ আঁকড়ে ধরে রাখার জন্য বাবাই, হাসান এবং তাঁদের অনুগামীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করছেন। তাঁদের অভিযোগ, সংগঠনের পরিবর্তন এবং নতুন কাঠামো গঠনের পথে বাধা দিতেই এই গোলমাল পাকানো হচ্ছে।
তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে অপর পক্ষ। তাঁদের দাবি, যারা বিক্ষোভ এবং অশান্তিতে অংশ নিয়েছে, তাদের অনেকেই আদৌ কোনও গিল্ড বা ফেডারেশনের সদস্য নয়। সংগঠনের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।
দুই পক্ষের তরজা ও উত্তেজনার জেরে স্টুডিওপাড়ার পরিবেশ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। শেষ পর্যন্ত রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও ফেডারেশনকে ঘিরে তৈরি হওয়া এই বিরোধ টলিউডের অন্দরে নতুন করে অনিশ্চয়তা ও বিতর্কের জন্ম দিয়েছে।