‘দ্য নিউজপেপার ইজ আ গ্রেটার ট্রেজার টু দ্য পিপল দ্যান আনকাউন্টেড মিলিয়নস অফ গোল্ড’— হেনরি ওয়ার্ড বীচার কথাটি ধ্রুব সত্য। অ্যালেইন ডে বটন যেমন বলেছেন, সংবাদপত্র সত্যি সত্যিই আসলে সমুদ্রতীরের একটি ঝিনুকের মতো, যাতে কান পাতলে শোনা যায় গোটা পৃথিবীর মানবসমুদ্রের এক মন্দ্রিত গর্জন। ‘দ্য স্টেটসম্যান’ সংবাদপত্রের গৌরবময় ১৫০ বছর পূর্ণ হল সম্প্রতি। কালের সঙ্গে তাল মিলিয়ে কলকাতা, শিলিগুড়ি, দিল্লি, ভুবনেশ্বর সংস্করণের পাশাপাশি এবার এই সংবাদপত্রের মুম্বাই এবং লখনউ সংস্করণও প্রকাশিত হচ্ছে। কলকাতায় বসন্তের প্রাক্কালে এক মনোরম সন্ধ্যায় বিলাসবহুল অ্যাস্টর হোটেলে ‘দ্য স্টেটসম্যান’ উদ্যাপন করল এই সংবাদপত্রের নতুন সংস্করণ প্রকাশ করার অনাবিল আনন্দকে!
‘দ্য স্টেটসম্যান’-এর ঐতিহ্যময় ইতিহাস শুরু হয় উনিশ শতকের গোড়ায় ‘ফ্রেন্ড অফ ইন্ডিয়া’ নামের একটি সংবাদপত্র দিয়ে, যা ১৮১৮ সালে ব্যাপ্টিস্ট মিশনারি উইলিয়াম কেরি দ্বারা পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়। এটি সতীদাহর মতো কু-প্রথা ও শিশুমৃত্যুর মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। ১৮৭৫ সালে রবার্ট নাইট ‘ফ্রেন্ড অফ ইন্ডিয়া’ সংবাদপত্রটি কিনে নেন এবং এই সংবাদপত্রকে কলকাতায় নিয়ে আসেন। পরে এই সংবাদপত্র ভারতীয় কংগ্রেসের সমর্থক হয়। ১৯২৭ সালে স্যার ডেভিড ইয়ুল এই সংবাদপত্রের মালিক হন এবং চালু হয় নতুন দিল্লি সংস্করণ। স্বাধীনতার পরও উদার মূল্যবোধে অটল থেকে ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় সেন্সরশিপের মুখেও মাথা নত করেনি এই সংবাদপত্র। সময়ের দাবিতে আজ ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকা অনলাইনেও সক্রিয় এবং আন্তর্জাতিকভাবে পাঠকপ্রিয়।
এই আনন্দসমারোহে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী যশ দাশগুপ্ত, নুসরত জাহান, আনন্দরূপা চক্রবর্তী, রোশনি ভট্টাচার্য, গায়ক দেব চৌধুরী প্রমুখ। আনন্দস্রোতে গা ভাসিয়ে, রকমারি সুস্বাদু খাদ্য দ্বারা রসনাতৃপ্তি ও প্রাণভরা খোশগল্পের মধ্যে দিয়ে এই আনন্দঘন সন্ধ্যাটি পৌঁছয় এক অন্য মাত্রায়।
উপস্থিত সকল অতিথিরাই জানিয়েছেন যে, ‘দ্য স্টেটসম্যান’ তাঁদের সকলের কাছেই এক নস্টালজিয়া এবং এক বহমান ঐতিহ্য ও সংবাদ-সংস্কৃতির নিদর্শন। অনেকেই স্বীকার করেন, এই সংবাদপত্রের সম্পাদকীয় পড়া তাঁদের কাছে ছিল বাধ্যতামূলক। কারণ এই সংবাদপত্র পাঠ করা ছিল পড়াশুনোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাই এইরকম এক ঐতিহ্যময় প্রতিষ্ঠানের ডাকে সকলেই সাড়া দিয়েছেন উৎসাহের সঙ্গে এবং নতুন মুম্বাই এবং লখনউ সংস্করণের জন্য সকলেই ‘দ্য স্টেটসম্যান’কে শুভেচ্ছা জানিয়েছেন।