বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর টিজার মুক্তি পেয়ছে। টিজারের প্রথম ঝলেকে রহস্যে মোড়া এক টানটান উত্তেজনা ধরা পড়েছে। ছবির পরিচালনায় রয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন জিনিয়া সেন। সঙ্গীত ও আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন জয় সরকার। আর গান লিখেছেন শ্রীজাত।
ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায় এবং নবাগত শ্যামৌপ্তি মুদলি। এছাড়াও গুরুত্বপূর্ম চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অনামিকা সাহা, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, সৌম্য মুখোপাধ্যায় এবং ঋষভ বাসুল।
গল্প বলার ধরনে রয়েছে রহস্য ও কাব্যিক শৈলী। স্মৃতি, পরিচয় এবং মানবসম্পর্কের গভীর দিকগুলো এই ছবিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি নারীত্বের নানা রূপও ফুটে উঠবে বলে ইঙ্গিত দিচ্ছে টিজারটি। বিশেষভাবে নারী চরিত্রগুলির ব্যক্তিগত দ্বন্দ্ব ও অতীতের গোপন রহস্য গল্পের মূল চালিকাশক্তি।
ইউন্ডোজ প্রোডাকশনের ব্যানারে তৈরি হয়েছে ছবি। ২৫ বছরে পা দিল এই প্রযোজনা সংস্থা। সব মিলিয়ে, মনকাড়া আবহ, শক্তিশালী অভিনয় ও আকর্ষণীয় গল্পের হাত ধরে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এই গ্রীষ্মের অন্যতম আকর্ষণীয় ছবি।