ফের বড়পর্দায় ফিরছেন সৃজিত-অনির্বাণ

PIC- SNS

‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ ছবির মাধ্যমে এবারে ফের বড় পর্দায় কামব্যাক করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমায় সঙ্গীত পরিচালকের ভূমিকায় থাকবেন সৃজিত নিজেই। ছবির জন্য ইতিমধ্যেই টাইটেল ট্র্যাক তৈরি করেছেন তিনি। আর তা গেয়েছেন স্বয়ং অনির্বাণ।

 

সৃজিতের এর আগের একাধিক সিনেমাতে অভিনয় করেছেন অনির্বাণ। এমনকি সৃজিতের ছবির জন্য অনির্বাণের গাওয়া কিচ্ছু চাইনি আমি আজও দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি গান। সৃজিতের পরিচালনা করা সিরিজে অনির্বাণ ব্যোমকেশ হওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন। তবে সেই গানের সুরকার সৃজিত ছিলেন না। তবে এই সিনেমায় সৃজিতের সুর করা গানে অনির্বাণের গলা শুনতে পাওয়া যাবে। ‘ক্যামেলিয়া প্রোডাকশনস’ প্রযোজিত এই ছবিতে অনির্বাণ কিন্তু অভিনয় করছেন না। যিশু সেনগুপ্ত থাকছেন গোয়েন্দা কানাইচরণ-এর ভূমিকায়। সঙ্গে দেখা যাবে টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, শঙ্কর চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীদের।


 

ছবির জন্য ‘গোয়েন্দা কানাইচরণ’ গানটি তৈরি করেছেন সৃজিত। সৃজিত এর আগে পরিচালক হিসেবে যেসব ছবি বানিয়েছেন সেই সকল সিনেমার গান দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবারে পরিচালনার পাশাপাশি সঙ্গীত পরিচালনার দিকেও জোর দিচ্ছেন তিনি।

 

সৃজিত-অনির্বাণ জুটি থেকে গান পাওয়া গেলেও কবে সৃজিতের পরিচালনায় অনির্বাণকে বড় পর্দায় দেখা যাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। এর আগে টলিপাড়ায় দীর্ঘদিন তিনি কাজ করতে পারেননি। কারণ আগের সরকারের আমলে ব্যান কালচারের শিকার ছিলেন। দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে হয়েছে গানের রেকর্ডিং। রেকর্ডিংয়ের পর উচ্ছ্বসিত মেজাজেই ধরা দেন পরিচালক ও অভিনেতা-গায়ক। সৃজিত জানান, নানা জটিলতার কারণে দীর্ঘদিন অনির্বাণের সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছিল না। সেই বাধা কাটিয়ে আবার একসঙ্গে কাজ করতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।