রাজনীতির লড়াই ছেড়ে এবার ‘দাদাগিরি’র মঞ্চে নেতারা, দেবের প্রশ্নের মুখোমুখি মদন-কুণাল-সজল-নওশাদ

PIC- STATESMAN

রাজনীতির ময়দানে যাঁরা পরস্পরের বিরুদ্ধে সরব, এবার তাঁরাই এক মঞ্চে। তবে সেখানে নেই ভোটের প্রচার, রাজনৈতিক তর্ক কিংবা মিছিল-মিটিংয়ের উত্তেজনা। বদলে রয়েছে কুইজ, মজার প্রশ্ন, খেলা এবং জেতার লড়াই। জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ১১’-এর বিশেষ পর্বে এবার একসঙ্গে দেখা যাবে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত মুখদের।

এই বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে হাজির হচ্ছেন তৃণমূল কংগ্রেসের মদন মিত্র ও কুণাল ঘোষ। তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় থাকছেন বিজেপির বিধায়ক সজল ঘোষ এবং বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। আইএসএফের হয়ে অংশ নিচ্ছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। পাশাপাশি সিপিআইএমের একমাত্র বিধায়ক হিসেবে এই বিশেষ পর্বে থাকছেন ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান।

রাজনৈতিক ময়দানে প্রত্যেকেই নিজের দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হন। তাঁদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই চর্চা হয়। কিন্তু ‘দাদাগিরি’র মঞ্চে সেই পরিচিত ভূমিকায় নয়, বরং একেবারে প্রতিযোগীর আসনে বসতে দেখা যাবে তাঁদের। ফলে রাজনীতির পরিচিত পরিসরের বাইরে কে কতটা দ্রুত উত্তর দিতে পারেন, কার সাধারণ জ্ঞান কতটা শক্তিশালী এবং শেষ পর্যন্ত কার হাতে ওঠে বিজয়ের ট্রফি—সেদিকেই নজর দর্শকদের।


এই পর্বের অন্যতম আকর্ষণ একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের উপস্থিতি। তৃণমূল, বিজেপি, আইএসএফ এবং সিপিআইএম—চার ভিন্ন রাজনৈতিক শিবিরের প্রতিনিধিদের একসঙ্গে খেলতে দেখা যাবে। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে তাঁদের ব্যক্তিগত রসিকতা, উপস্থিত বুদ্ধি এবং একে অপরের সঙ্গে মজার কথোপকথনও উঠে আসবে অনুষ্ঠানে।

তবে শুধু প্রতিযোগীরাই নন, এই বিশেষ পর্বে বাড়তি আকর্ষণ সঞ্চালক দেবও। অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত দেব এবার ‘দাদাগিরি’র মঞ্চে সামলাবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে। তাঁর প্রশ্ন, রসিকতা এবং প্রতিযোগীদের সঙ্গে কথোপকথন গোটা পর্বের মেজাজ আরও হালকা ও উপভোগ্য করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিতর্কের পরিচিত মঞ্চ থেকে সাময়িক বিরতি নিয়ে এবার খেলায় মাতবেন রাজ্যের এই নেতারা। ফলে কে কতটা রাজনৈতিক ‘দাদাগিরি’ দেখান, তার বদলে খেলার মঞ্চে কে আসল দাদাগিরি দেখাতে পারেন—সেটাই হয়ে উঠবে দেখার বিষয়। মদন মিত্র, কুণাল ঘোষ, সজল ঘোষ, কৌস্তভ বাগচি, নওশাদ সিদ্দিকি এবং মোস্তাফিজুর রহমানকে একসঙ্গে ঘিরে তৈরি এই বিশেষ পর্ব তাই দর্শকদের মধ্যে যে কৌতূহল তৈরি করবে, তা বলাই যায়।