ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়। বহু প্রতীক্ষিত এই বায়োপিক ঘিরে ক্রিকেটপ্রেমী এবং সিনেমাপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়েছে জোরকদমে, আর সেই শ্যুটিংয়ের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই বেড়েছে কৌতূহল।
আগেই জানা গিয়েছিল, পর্দায় ‘দাদা’-র ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এবার শ্যুটিং সেট থেকে প্রকাশ্যে আসা কয়েকটি ছবিতে দেখা গিয়েছে, সৌরভের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে কতটা পরিশ্রম করেছেন তিনি। চেহারা, হেয়ারস্টাইল, হাঁটাচলা— সব মিলিয়ে রাজকুমারকে দেখে অনেকেই প্রথম ঝলকে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই মনে করছেন।
বর্তমানে কলকাতার ঐতিহ্যবাহী ময়দান চত্বরে একটি ক্লাব তাঁবুতে চলছে ছবির গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং। সেখানে রাজকুমার রাওকে ক্রিকেটারের বেশে দেখা গিয়েছে। ছবিগুলি ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই মনে করছেন, সৌরভের চরিত্রের জন্য অভিনেতার এই রূপান্তর ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।
সূত্রের খবর, শুধু কলকাতাতেই নয়, মুম্বইতেও এই বায়োপিকের জন্য বিশেষ সেট তৈরি করা হয়েছে। সেখানে ইতিমধ্যেই একাধিক দৃশ্যের শ্যুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে সৌরভের ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ও তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।
ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ভারতীয় দলকে নতুন আত্মবিশ্বাস এনে দেওয়া থেকে শুরু করে একঝাঁক তরুণ ক্রিকেটারকে তুলে আনা— তাঁর কেরিয়ারের নানা অধ্যায় এই ছবিতে স্থান পাবে বলেই আশা করা হচ্ছে। ফলে শুধু ক্রিকেট অনুরাগীরাই নন, সাধারণ দর্শকদের মধ্যেও ছবিটি নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে।
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও ছবির মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে শ্যুটিংয়ের অগ্রগতি দেখে মনে করা হচ্ছে আগামী বছরই বড়পর্দায় দেখা যেতে পারে এই বহুল প্রতীক্ষিত বায়োপিক। এখন দেখার, ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’-এর জীবনকাহিনি কতটা সফলভাবে পর্দায় তুলে ধরতে পারেন নির্মাতারা।