নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! ঘোষণা ঘিরে বিশ্বজুড়ে চর্চা

দীর্ঘ জল্পনার অবসান। নতুন জেমস বন্ড হিসেবে উঠে এল অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম। বিশ্ব সিনেমার অন্যতম জনপ্রিয় এই চরিত্রে তাঁকে দেখা যাবে বলে ঘোষণা করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই চরিত্রে প্যাটিনসনের অভিনয় নিয়ে জল্পনা চলছিল। অবশেষে অ্যামাজন স্টুডিওর ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে চর্চা।

সোমবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসছেন রবার্ট প্যাটিনসন। ভিডিওটির সঙ্গে লেখা হয়, ‘রবার্ট প্যাটিনসনই জেমস বন্ড’। অন্য একটি পোস্টে জানানো হয়, ‘আইডেন্টিটি কনফার্মড’।

এই ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। গত কয়েক বছরে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন প্যাটিনসন। ‘দ্য লাইটহাউস’, ‘টেনেট’, ‘দ্য ড্রামা’ এবং ‘দ্য অডিসি’র মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে। পাশাপাশি ‘দ্য ব্যাটম্যান’ ছবিতে তাঁর অভিনয়ও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।


তবে জেমস বন্ডের মতো ঐতিহাসিক চরিত্রে তাঁকে দেখা যাওয়ার খবর ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে ‘টোয়াইলাইট’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া প্যাটিনসনকে ০০৭-এর ভূমিকায় কল্পনা করতে পারছেন না অনেকেই। আবার অন্য একাংশের মতে, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই সেই পুরনো পরিচিতি ছাপিয়ে গিয়েছেন অভিনেতা।

সব মিলিয়ে, নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।