‘ককটেল ২’ তে নিজের চরিত্র নিয়ে অকপট রশ্মিকা

‘ককটেল ২’-এর ট্রেলার মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছেন রশ্মিকা মন্দানা। ছবিতে তাঁর অভিনীত ‘দিয়া’ চরিত্রটি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। প্রাণবন্ত ব্যক্তিত্ব, সহজ-সরল আকর্ষণ এবং উচ্ছ্বসিত উপস্থিতির জন্য ট্রেলারের ঝলকেই দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেওয়া রশ্মিকার কাছে মোটেই সহজ ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘দিয়া’ চরিত্রে অভিনয় করতে প্রথমে বেশ দ্বিধায় ছিলেন তিনি। কারণ, এতদিন দর্শক তাঁকে মূলত আবেগপ্রবণ, গম্ভীর এবং নাটকীয় চরিত্রে দেখেছেন। ‘ককটেল ২’-এ সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হতে হচ্ছে তাঁকে, যা তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

রশ্মিকার কথায়, ‘আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম। কারণ সিনেমায় এর আগে কখনও এতটা আরবান বা আধুনিক লুকে আমাকে দেখা যায়নি। আমার আগের ছবিগুলোর কারণে দর্শকরা হয়তো আমার কাছ থেকে সিরিয়াস ও আবেগঘন অভিনয়ই প্রত্যাশা করেন। কিন্তু এই প্রথম আমি এমন একটি চরিত্রে অভিনয় করছি, যেখানে বন্ধুত্ব, ভালোবাসা, মজা এবং জীবনের হালকা মুহূর্তগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।’


তিনি আরও বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, এই সিদ্ধান্ত কি আদৌ সঠিক? কিন্তু পরে বুঝলাম, আমি আগে কখনও এমন কিছু করিনি বলেই এই চরিত্রটি করা উচিত। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা এবং দর্শকদের সামনে নতুন কিছু তুলে ধরা খুব জরুরি। আমি বিশ্বাস করি, দর্শকরাও সবসময় নতুন ও চমকপ্রদ কিছু দেখতে চান। সেই কারণেই ‘দিয়া’ চরিত্রটিকে আমার জন্য একেবারে উপযুক্ত বলে মনে হয়েছে।’

রশ্মিকার এই মন্তব্য থেকেই স্পষ্ট, তিনি নিজের পরিচিত গণ্ডি ভেঙে নতুন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী। ‘দিয়া’ চরিত্রে বন্ধুত্ব, প্রেম, আনন্দ এবং তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। অনেকেই মনে করছেন, রাশমিকার এই নতুন অবতার তাঁর অভিনয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। বিশেষ করে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় এবং চরিত্রের প্রাণবন্ত উপস্থাপনা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

‘ককটেল ২’ মুক্তির আগেই ‘দিয়া’ বছরের অন্যতম আলোচিত চরিত্রে পরিণত হয়েছে। এখন দর্শকদের অপেক্ষা, বড় পর্দায় রাশমিকার এই নতুন রূপ কতটা সাড়া ফেলে এবং ছবিটি বক্স অফিসে কতটা সফল হয়।