শাহরুখের পর এবার রানি, অস্ট্রেলিয়ায় বিরাট সম্মান অভিনেত্রীর

PIC- X

বিশ্বের দরবারে সম্মানিত হলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাম্মানিক ডক্টরেট পেয়েছেন। মেলবোর্নে আয়োজিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে তাঁকে এই সম্মান দেওয়া হয়। শাহরুখ খানের পর তিনিই দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব, যিনি এই সম্মান পেলেন।

রানি মুখোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিন দশকের অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি ছবির জগতে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ এবং ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সম্মানিত হওয়ার পর রানি মুখোপাধ্যায় বলেন, “লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ। আমি যে নারীদের পর্দায় ফুটিয়ে তুলেছি, তা বিভিন্ন মহাদেশ ও সংস্কৃতির সীমানা পেরিয়ে আপনাদের কাছে পৌঁছোবে এবং এত স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে সংযোগ তৈরি করবে, তা আগে কে-ই বা জানত!”


রানির এই সাফল্যের ছবি ও ভিডিয়ো রাতারাতি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। তাঁর দীর্ঘ অভিনয়জীবনে এই সম্মান নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

ডি.লিট. সম্মানটি ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর দর্শকদের উৎসর্গ করেছেন রানি। একজন ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের সংস্কৃতি ও চলচ্চিত্রকে এভাবে উদযাপিত হতে দেখে গর্বিত বলেও জানান তিনি। তাঁর বিশ্বাস, গল্প বলার মাধ্যমেই বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও সংযোগ তৈরি করা সম্ভব।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জন ব্রাম্বিও রানির প্রশংসা করেন। তিনি বলেন, রানির অসাধারণ কর্মজীবন শুধুমাত্র বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। তাঁর অভিনীত বিভিন্ন কাজ সামাজিক ন্যায়বিচার, সমতা ও অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। মানবিক কাজের প্রতি রানির নিষ্ঠাই তাঁকে এই সম্মানসূচক ডক্টরেটের যোগ্য প্রাপক করে তুলেছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কাজের জন্যও পরিচিত রানি মুখোপাধ্যায়ের মুকুটে লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই সম্মান নিঃসন্দেহে আরও একটি উজ্জ্বল পালক।