দক্ষিণী তারকা রামচরণ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘পেড্ডি’ নিয়ে বড় আপডেট সামনে এল। ছবির নির্মাতারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের পরিবর্তে এবার জুন মাসে মুক্তি পাবে এই ছবি। আরও নিখুঁতভাবে কাজ শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ছবির প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ছবির মূল অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। শুধু একটি গানের শুটিং বাকি রয়েছে। সম্পাদনার প্রাথমিক কাজও দেখা হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে নির্মাতারা যথেষ্ট সন্তুষ্ট।
তবে নির্মাতাদের বক্তব্য, এত বড় মাপের ছবিকে দর্শকদের সামনে সেরা ভাবে তুলে ধরতে গেলে সময় প্রয়োজন। বিশেষ করে পরবর্তী কাজের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চান না তাঁরা। সেই কারণেই প্রযুক্তিগত দলকে আরও সময় দিতে চেয়েছেন নির্মাতারা, যাতে ছবিটি নিখুঁতভাবে তৈরি হয়।
প্রসঙ্গত, এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস শুরু থেকেই চোখে পড়ার মতো। কিছুদিন আগে প্রকাশ্যে আসা একটি ঝলকে রামচরণকে একেবারে ভিন্ন অবতারে দেখা যায়। কখনও তিনি ক্রিকেট খেলছেন, আবার কখনও কুস্তিগীরের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ঝলকের শুরুতেই একটি কণ্ঠ শোনা যায়; যেখানে বলা হয়, ‘কুস্তি এমন খেলা নয়, যেখানে ব্যাট হাতে বলের মুখোমুখি হতে হয়। এখানে জীবন বাজি রেখে লড়াই করতে হয়।’ এই সংলাপ থেকেই ছবির অ্যাকশন ধর্মী দৃশ্য অনেকটাই স্পষ্ট হয়েছে।
ছবির একটি দৃশ্যে রামচরণকে গদা হাতে অনুশীলন করতে দেখা যায়। তাঁর শারীরিক গঠন ও চরিত্রে ঢোকার জন্য পরিশ্রম দর্শকদের নজর কেড়েছে। ঝলকের শেষে তাঁর সংলাপ, ‘খেলাটাই আমার গর্ব’ ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ছবিতে রামচরণের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু এবং বোমান ইরানি। চিত্রগ্রহণ, সম্পাদনা এবং সেট নির্মাণের মতো ক্ষেত্রেও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বড় পর্দায় এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।
নির্মাতারা জানিয়েছেন, ছবির নির্দিষ্ট মুক্তির তারিখ খুব শীঘ্রই ঘোষণা করা হবে। দর্শকদের ধৈর্য ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তাঁরা।