গুরুতর অসুস্থ ‘ধোনি’র কোচ, পরিস্থিতি এখনও জটিল

Pic-SNS

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। বাংলা সিনেমার পাশাপাশি যিনি এই মুহূর্তে বলিউডেও সমান জনপ্রিয়। তাঁর আচমকা অসুস্থতার খবর সামনে আসাতে উদ্বিগ্ন সিনে প্রেমীরা। এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, হায়দরাবাদে সুপারস্টার প্রভাসের সিনেমার শ্যুটিং করছিলেন তিনি। শ্যুটিংয়ের সময়েই তাকে একটি পোকা কামড়েছিল। বিষয়টিতে বিশেষ গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। তার প্রায় ঘন্টা ছয়েক পরে তাঁর ডান পায়ে ভয়ানক ব্যথা শুরু হয়েছিল। সেই সঙ্গে অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন। অবস্থার অবনতি হওয়ার কারণে হায়দরাবাদ থেকে কলকাতার বিমান ধরেছিলেন।

 


বিমানে আসার সময়ে তার প্রচণ্ড জ্বর এসেছিল। আর তা নিয়ে রীতিমত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যে কারণে তার শারীরিক অবস্থার আরও খারাপ হয়েছিল। তাকে কলকাতার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও জ্বর, শ্বাসকষ্ট রয়েছে তার। সেই সঙ্গে তার ডান পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের তরফে এখনই কোন মন্তব্য করা হয়নি।

 

তবে তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গিয়েছে, তার রক্ত জমাট বাঁধার একটা সম্ভবনা রয়েছে। যা প্রাণঘাতী হতে পারে যদি ফুসফুসে চলে যায়। তাই চিকিৎসকদের একটি টিম তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। যদিও সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও পরিস্থিতির দিকে নজর রেখেছেন।

 

দীর্ঘ অভিনয় জীবনে বাংলা ও হিন্দি সিনে জগতে নিজের ছাপ রেখেছেন তিনি। ‘পারমিতার একদিন’, ‘পরিণীতা’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’, ‘মিশন রানিগঞ্জের’ মত সিনেমাতে নিজের ছাপ ছেড়েছিলেন তিনি। বিশেষ করে ‘এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি’তে ধোনির কোচের ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি। অভিনেতার বন্ধুরা সবসময় তার পাশে রয়েছেন।