ফেলুদার পরে ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত

ফেলুদার পরে এবারে নতুন গোয়েন্দা চরিত্রে আত্মপ্রকাশ করতে চলেছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। আসতে চলেছেন হইচইতে। মুক্তি পেল  পরিচালক অরিত্র সেনের নতুন ওয়েব সিরিজ ‘ছদ্মবেশী’র প্রথম লুক। সেখানে তাঁকে দেখা গেল গোয়েন্দা আদিত্য মজুমদারের লুকে।

অভিরূপ সরকারের জনপ্রিয় উপন্যাস ‘চৌধুরী বাড়ির রহস্য’ অবলম্বনে তৈরি এই সিরিজে মুখ্য ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। জুলাই মাসে সিরিজটি মুক্তি পাবে। এই সিরিজে গোয়েন্দা আদিত্য মজুমদারের চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। কিংবদন্তি অভিনেত্রী মন্দাকিনী চৌধুরীর ভূমিকায় দেখা যাবে জুন মালিয়াকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৃজলা গুহ, ভরত কল, ইন্দ্রাশিস রায়, পায়েল সরকার, খেয়া চট্টোপাধ্যায়, বিমল গিরি ও সৌম্য বন্দ্যোপাধ্যায়কে।

 


গল্পের কেন্দ্রে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী মন্দাকিনী চৌধুরী। একের পর এক অস্বাভাবিক ঘটনার পর আশঙ্কা করতে শুরু করেন তাঁকে ঘিরে যা ঘটছে তা নিছক দুর্ঘটনা নয়। সন্দেহের তির যখনন পরিবারের সদস্যদের দিকে ঘুরে যায় তখন ঘটনার তদন্ত এসে পড়ে আদিত্য মজুমদারের কাঁধে। রত্না এবং এসিপি গৌতমকে সসঙ্গে নিয়ে আদিত্য প্রবেশ করে এমন এক জগতে, যেখানে সম্পদ, উত্তরাধিকার এবং বহুদিনের গোপন রহস্য একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে।

পরিচালক অরিত্র সেন জানিয়েছেন, ‘এই গল্পের মূল বিষয় হল গোপন সত্য, যা আমরা অন্যের কাছ থেকে লুকিয়ে রাখি, আবার নিজের থেকেও আড়াল করি। রহস্যের আবরণে মোড়া হলেও এটি পরিবার , উচ্চাকাঙ্খা এবং মানুষের দুর্বলতার গল্প। প্রতিটি চরিত্রকে এমনভাবে নির্মাণ করেছি যাতে তারা সম্ভাব্য সন্দেহভাজন হয়ে ওঠে।’

পরমব্রত জানিয়েছেন, ‘আদিত্য প্রচলিত গোয়েন্দাদের মতো নয়। সে অসম্পূর্ণ, সংবেদনশীল এবং ব্যক্তিগত নানা সম সমস্যার মধ্যেও জটিল রহস্যের সমাধান করতে চায়। চরিত্রটির মানবিক দিক আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে।’ অন্যদিকে ঋতাভরী জানিয়েছেন, ‘রত্না শুধু আদিত্যর সঙ্গী নবয়, তদন্তেরও গুরুত্বপূর্ণ অংশ। গল্পের নানা মোড় দর্শকদের চমকে দেবে’। পায়েল সরকার জানান, ‘হইচইয়ে ফিরে আসা সবসময়েই বিশেষ অনুভূতি। এই গল্পের প্রতিটি চরিত্রের নিজস্ব গোপন রহস্য রয়েছে। সেটাই সিরিজটার ইউএসপি।’