পরমব্রতর বিরুদ্ধে এখনই পদক্ষেপ নয়

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে আপাতত বড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে অভিনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে পরমব্রতকে।

শুক্রবার এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানান, পরবর্তী শুনানির দিন রাজ্য সরকারকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর। ২ মে ফল ঘোষণার পরে সমাজমাধ্যমে কিছু মন্তব্য করেছিলেন পরমব্রত। সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়। যদিও ঘটনার প্রায় পাঁচ বছর পরে, গত ২১ মে গড়িয়াহাট থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ এবং ১০৯ ধারায় এফআইআরও নথিভুক্ত করা হয়েছে।


শুক্রবার আদালতে পরমব্রতের পক্ষে সওয়াল করেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, এত বছর পরে হঠাৎ করে অভিযোগ দায়ের করার কোনও যৌক্তিকতা নেই। তিনি আদালতে দাবি করেন, পরমব্রতের সেই মন্তব্যে কারও কোনও ক্ষতি হয়নি এবং অভিযোগেরও কোনও বাস্তব ভিত্তি নেই। সেই কারণেই এফআইআর খারিজ করার আবেদন জানানো হয় আদালতে।

অন্য দিকে, রাজ্যের তরফে তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সব পক্ষের বক্তব্য শোনার পরই আদালত আপাতত অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে আপাতত গ্রেফতারি বা অন্য কোনও কড়া পদক্ষেপের আশঙ্কা থেকে স্বস্তিতে অভিনেতা।