বিগ বসের ঘরে নতুন প্রেমের গুঞ্জন! জীতু কমলকে নিয়ে কী এমন বললেন সৃজলা গুহ?

বিগ বসের ঘর মানেই নাটক, ঝগড়া, প্রেম আর একের পর এক চমক। কখনও প্রতিযোগীদের মধ্যে মনোমালিন্য, কখনও আবার প্রেমের মিষ্টি মুহূর্ত—সব মিলিয়ে দর্শকদের কাছে এই রিয়ালিটি শো যেন এক টানটান নাট্যমঞ্চ। কয়েক দিন আগেও রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে সরগরম ছিল বিগ বসের ঘর। অথচ সেই সম্পর্কেই এবার তৈরি হয়েছে দূরত্ব। এর মধ্যেই রিয়ালিটি শোয়ের প্রেম নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অভিনেতা ভরত কল। তাঁর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার চর্চায় উঠে এলেন অভিনেতা জীতু কমল ও সৃজলা গুহ।


শনিবারের ‘দাদার দরবার’ পর্বে রাজবীর ও নন্দিনীর সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। একটি টাস্ক চলাকালীন নন্দিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রাজবীর। তাঁর দাবি, প্রতিযোগিতায় জেতার জন্য ভালোবাসাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন নন্দিনী। যদিও রাজবীরের এই অভিযোগ মানতে নারাজ নন্দিনী। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগীদের আবেগ সরিয়ে রেখে খেলায় মন দেওয়ার পরামর্শ দেন তিনি।

তবে রাজবীর-নন্দিনীর সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি শনিবারের পর্বে নতুন করে দর্শকদের নজর কেড়েছে সৃজলা গুহর একটি মন্তব্য। আচমকাই তাঁকে জীতু কমলের নাম নিয়ে বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখা যায়। শুধু তাই নয়, নিজের মনেই একের পর এক প্রশ্ন করতে থাকেন তিনি। সৃজলাকে বলতে শোনা যায়, “কাকে ভালোবেসে ফেললে জিতু? কেন ভালোবেসে ফেললে? অপরাধ বোধে ভুগছি আমি। আমি এখন কী করব?”

সৃজলার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। ঠিক কী কারণে জীতুকে নিয়ে এতটা চিন্তিত তিনি? জীতুর জীবনে কি নতুন কোনও প্রেম এসেছে? নাকি সৃজলার কথার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন বিগ বসের দর্শকরা।

প্রসঙ্গত, ২০২৩ সালে অভিনেত্রী নবনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে জীতু কমলকে সিঙ্গল হিসেবেই দেখা গিয়েছে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ কোনও প্রেমের গুঞ্জনও সামনে আসেনি। তবে বিচ্ছেদের প্রায় তিন বছর পর কি নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা? সৃজলা কি তবে জীতুর প্রেমের খবর জানেন? নাকি তাঁর মন্তব্যের অন্য কোনও অর্থ রয়েছে?

উল্লেখ্য, এর আগেও দুর্নিবারের সঙ্গে সৃজলার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আলোচনা হয়েছে। ফলে শনিবারের পর্বে জীতুকে নিয়ে তাঁর এই মন্তব্য নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে জীতু ও সৃজলার সম্পর্ক নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। রহস্যের জট খুলতে দর্শকদের নজর এখন বিগ বসের পরবর্তী পর্বগুলির দিকে।