দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে স্বীকার করলেন অভিনেত্রী মৌনী রায় এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার। সমাজমাধ্যমে যৌথ বিবৃতি প্রকাশ করে ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার নিজেদের সমাজমাধ্যমের পাতায় একটি যৌথ বার্তা প্রকাশ করেন মৌনী এবং সূরজ। সেখানে তাঁরা জানান, পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার ভিত্তিতেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ‘মিথ্যা গল্প’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন এই তারকা দম্পতি।
তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত আগ্রহ দেখে আমরা দুঃখিত। আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং বিষয়গুলি ব্যক্তিগতভাবে ও শান্তিপূর্ণভাবে সামলানোর জন্য প্রয়োজনীয় সময় নিচ্ছি।’
মৌনী এবং সূরজ আরও জানিয়েছেন, গত কয়েক দিনে তাঁদের সম্পর্ক নিয়ে নানা কাল্পনিক গল্প এবং অসত্য তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে কোনওভাবেই মেলে না। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, এই কঠিন সময়ে গোপনীয়তা এবং মর্যাদা বজায় রাখার সুযোগ চান।
বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আমরা ভেবেচিন্তেই আলাদা পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করব। এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি।’
কয়েক দিন ধরেই মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ারের সম্পর্ক ভাঙনের জল্পনা চলছিল। সমাজমাধ্যমে একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দেওয়ার পর থেকেই সেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে সেই গুঞ্জনেই শিলমোহর পড়ল তাঁদের যৌথ বিবৃতিতে।
২০১৮ সালে দুবাইয়ে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে প্রথম আলাপ হয়েছিল মৌনী এবং সূরজের। বন্ধুদের মাধ্যমেই পরিচয়। পরে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একজন মুম্বাইয়ে এবং অন্যজন দুবাইয়ে থাকলেও দূরত্ব তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
দীর্ঘ সম্পর্কের পরে ২০২২ সালে গোয়ায় বিয়ে করেন মৌনী এবং সূরজ। প্রথমে মারাঠি রীতিতে এবং পরে বাঙালি রীতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেই সময় তাঁদের বিয়ের ছবি সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।