বলিউডের মেগাবাজেটের ঝলকানি নয়, বক্স অফিসের হাজার কোটির দাপটও নয়—অস্কারের দৌড়ে শেষ হাসি হাসল মারাঠি সিনেমা! রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্নার ‘ধুরন্ধর’ থেকে শুরু করে ‘বর্ডার ২’, ‘১২০ বাহাদুর’, রাম চরণের ‘পেড্ডি’—একগুচ্ছ চর্চিত ছবিকে টপকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের সরকারি এন্ট্রি হল সন্তোষ দাভাকর পরিচালিত থ্রিলার ‘গোনধল’।
শুক্রবার ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’-র তরফে ঘোষণা করা হয়েছে, ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের হয়ে লড়বে এই মারাঠি ছবি। অর্থাৎ বক্স অফিসের অঙ্ক নয়, এবার অস্কারের টিকিট কাটতে বিচারকদের নজর কাড়ল গল্প, নির্মাণ আর সিনেমার নিজস্ব শক্তি।
অস্কারের মনোনয়ন পাওয়ার লড়াইও ছিল রীতিমতো হাড্ডাহাড্ডি। দেশজুড়ে মোট ৩৩টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে ১৪টি হিন্দি, ৪টি মারাঠি, ৪টি তেলুগু, ৪টি গুজরাতি এবং ৩টি তামিল ছবি ছিল। তালিকায় জায়গা হয়েছিল মালয়ালম, নাগামিজ এবং একটি নির্বাক ছবিরও। সবকটি ছবি খুঁটিয়ে দেখার পর পি শেষাদ্রি, বিজয় পাটকর, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় এবং বিবেক ভাসওয়ানির মতো বিশিষ্টদের নিয়ে গঠিত জুরি বোর্ড সর্বসম্মতভাবে বেছে নেয় ‘গোনধল’-কে।
সবচেয়ে বড় চমক, প্রতিযোগিতার ময়দানে ছিল বলিউডের একাধিক হাই-প্রোফাইল ছবি। আদিত্য ধর পরিচালিত রণবীর সিং, সঞ্জয় দত্ত ও অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’—যে ছবি বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে বলে দাবি করা হচ্ছে—ছিল তালিকায়। ছিল নিম কারোলি বাবার জীবন অবলম্বনে তৈরি ডঃ বিশাল চতুর্বেদীর ‘হনুমান অংশ’-ও। সঙ্গে ‘১২০ বাহাদুর’, ‘বর্ডার ২’ এবং রাম চরণের ‘পেড্ডি’র মতো বড় নাম।
কিন্তু তারকাখচিত প্রতিদ্বন্দ্বীদের ভিড়ে নিজের জায়গা করে নিল অপেক্ষাকৃত কম আলোচিত মারাঠি থ্রিলার ‘গোনধল’। আর পরিচালকের ঝুলিতেও রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ২০১৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সিলভার পিকক’ পুরস্কার পেয়েছিলেন সন্তোষ দাভাকর। এবার তাঁর ছবিই পৌঁছে গেল অস্কারের দরজায়।
আগামী ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল আসর। এখন নজর সেই মঞ্চে। ভারতের হয়ে অস্কারের দৌড়ে ‘গোনধল’ শেষ পর্যন্ত কতটা দূর যেতে পারে, সেই অপেক্ষাতেই সিনেমাপ্রেমীরা।