মানবিক গল্পে নতুন দিশা, ‘রুদ্র এন্টারটেইনমেন্ট অফিসিয়াল’-এর পথচলা শুরু

ব্যতিক্রমী ভাবনা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রুদ্র এন্টারটেইনমেন্ট অফিসিয়াল’। উদ্বোধনের মঞ্চেই প্রদর্শিত হল তাদের প্রথম চলচ্চিত্র ‘মাধবীলতা’, যা নির্মাতার কথায় শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং এক গভীর অনুভূতির প্রতিফলন।

জানা গিয়েছে, আগামী ৪ এপ্রিল থেকে এই ইউটিউব চ্যানেলেই মুক্তি পাবে ছবিটি। সমাজে ‘স্বাভাবিক’ হওয়ার যে অদৃশ্য চাপ, সেই চেনা কাঠামোকে প্রশ্ন করেই শুরু হয়েছে এই ছবির যাত্রা। ছোটবেলা থেকেই মানুষকে শেখানো হয় কীভাবে ‘ঠিক’ হতে হয়, আর কীভাবে ‘ভুল’— কিন্তু সেই সীমারেখার বাইরে থাকা মানুষদের আমরা কতটা বোঝার চেষ্টা করি, সেই প্রশ্নই ছবির মূল সুর হয়ে উঠেছে।

ছবির পরিচালক সৌরভ মুখার্জি বলেন, ‘মাধবীলতা হঠাৎ করে তৈরি হয়নি। সময়ের সঙ্গে জমে থাকা অভিজ্ঞতা, দেখা কিছু ঘটনা এবং অনেক না বলা অনুভূতির সমষ্টি এই গল্প। বিশেষ করে এমন কিছু মানুষের জীবন কাছ থেকে দেখার পর, যারা পৃথিবীকে একটু অন্যভাবে অনুভব করে— তাদের লড়াই, নিঃসঙ্গতা এবং সমাজের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে।’


এই ছবিতে অভিনয় করেছেন রিমঝিম গুপ্ত, অভ্রজিত চক্রবর্তী সহ আরও অনেকে। তাঁদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে সেইসব মানুষের জীবন, যারা সমাজের প্রচলিত ‘স্বাভাবিকতা’র সংজ্ঞার বাইরে অবস্থান করেন।

ছবির মূল উদ্দেশ্য দর্শককে একটু থামিয়ে দেওয়া এবং নতুন করে ভাবতে বাধ্য করা। নির্মাতার মতে, ‘যদি এই ছবি দেখে কেউ একবার নিজের দৃষ্টিভঙ্গি নতুনভাবে বিচার করেন কিংবা অন্য একজন মানুষকে আরও সহানুভূতির সঙ্গে দেখেন, তবেই আমাদের প্রচেষ্টা সফল হবে।’

উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয় কলকাতার রোটারি সদনে। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীরা। জানা গিয়েছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম মাইক্রো ফিল্ম, শর্ট ফিল্ম এবং ওয়েব ধারাবাহিক সহ নানা ধরনের কনটেন্ট তৈরি করবে।

সবশেষে ‘মাধবীলতা’ মনে করিয়ে দেয়— সব গল্পের কাজ উত্তর দেওয়া নয়, অনেক সময় শুধু প্রশ্ন তুলে যাওয়াই তার উদ্দেশ্য। আর সেই প্রশ্নই হয়তো বদলে দিতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি এবং সমাজকে।