প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১১ এপ্রিল, শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরপরই চিকিৎসকরা জানান, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
প্রথমদিকে জানা গিয়েছিল, কার্ডিয়াক অ্যারেস্টের জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরে তাঁর নাতনি জানাই ভোঁসলে সামাজ মাধ্যমে জানান, ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অনুরোধ করেন, এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে যেন সম্মান জানানো হয় এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে পরে জানানো হবে।
সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। জানা যায়, বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন গায়িকা এবং সঙ্গে সঙ্গেই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে ভারতীয় সংগীত জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল, যা পূরণ হওয়া সম্ভব নয়।
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমি মর্মাহত। বিশ্বজুড়ে অসংখ্য হৃদয় ছুঁয়ে গিয়েছে তাঁর গান। কয়েক দশক ধরে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি।’
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মহান সঙ্গীতপ্রতিভা আশা ভোঁসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অনুপ্রেরণাদায়ক গায়িকা, যিনি প্রজন্মের পর প্রজন্ম আমাদের হৃদয়ে রাজত্ব করেছেন।‘
শিল্পীর সঙ্গীতজীবন নিয়ে মমতা আরও লেখেন, ‘তিনি বহু বাংলা গানও গেয়েছেন এবং বাংলাতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। ২০১৮ সালে আমরা তাঁকে আমরা বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করতে পেরেছিলাম। তাঁর পরিবার, সহকর্মী এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।‘
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সঙ্গীত জগতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে। একজন শিল্পী হিসেবে নিজের শর্তেই জীবনযাপন করেছেন তিনি।’
আসা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘তিনি ভারতীয় হলেও সীমান্ত পারের লক্ষ লক্ষ মানুষ তাঁর গুণমুগ্ধ। আমাদের স্মৃতিতে তিনি অমর হয়ে থাকবেন।’

সঙ্গীত শিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে রবিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আজ আমার মা মারা গিয়েছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এখানেই তিনি থাকতেন। কাল বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।‘