নন্দন চত্বরে অনীক দত্তকে শেষশ্রদ্ধা সিনে জগতের

Photo Courtesy: The Statesman

শুক্রবার সকাল থেকেই আবেগে ভাসল নন্দন চত্বর। গ্রীষ্মের তীব্র রোদ উপেক্ষা করেই সকাল ৯টা থেকে ভিড় জমতে শুরু করে সেখানে। উদ্দেশ্য একটাই— প্রয়াত পরিচালক অনীক দত্তকে শেষ বারের মতো শ্রদ্ধা জানানো। বুধবার আচমকাই সামনে আসে তাঁর দুর্ঘটনার খবর। পরে হাসপাতালের তরফে তাঁকে মৃত ঘোষণা করা হলে শোকের ছায়া নেমে আসে টলিপাড়ায়। এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে অনীক আর নেই।

সমাজমাধ্যম জুড়েও স্পষ্ট সেই শোকের আবহ। বৃহস্পতিবার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হয়েছিল পরিচালকের দেহ। বিদেশ থেকে মেয়ে ঐশী দত্তের ফেরার অপেক্ষাতেই শেষকৃত্য পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো শুক্রবার সকালে অনীকের নিথর দেহ নিয়ে আসা হয় নন্দনে।

নন্দনের মূল ফটকের সামনে বড় করে রাখা হয়েছিল পরিচালকের ছবি। চারপাশ ফুলে সাজানো। সেই ছবির সামনেই এসে দাঁড়ায় শববাহী গাড়ি। পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, গাড়ি থেকে দেহ নামানো হবে না। প্রবল গরমে দেহ সংরক্ষণে সমস্যা হতে পারে বলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। অনুরাগী ও শুভানুধ্যায়ীরা চাইলে ছবির সামনে ফুল বা মালা দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন বলে জানানো হয়।


শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে হাজির ছিলেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক ফিরদৌসল হাসান, অভিনেত্রী পাপিয়া অধিকারী-সহ টলিউডের বহু পরিচিত মুখ। প্রথম থেকেই গোটা পরিস্থিতির তত্ত্বাবধানের দায়িত্ব সামলাতে দেখা যায় অভিনেতা রুদ্রনীল ঘোষকে। শোকস্তব্ধ নন্দন চত্বরে বারবার ফিরে আসছিল একটাই প্রশ্ন— এত তাড়াতাড়ি কেন চলে যেতে হল অনীক দত্তকে?