পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয় বার মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। সদ্যই সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তাঁরা। তার মধ্যেই বিপত্তি! পায়ে গুরুতর চোট পেয়েছেন সিদ্ধার্থ। অভিনেতা নিজেই সমাজমাধ্যমে সেই খবর জানিয়েছেন। তাঁর পায়ের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। আপাতত চিকিৎসা চলছে অভিনেতার।
পায়ের ব্যান্ডেজ করা অবস্থায় একটি ছবি ভাগ করে নিয়েছেন সিদ্ধার্থ। ছবির সঙ্গে মজার ছলে লিখেছেন, ‘আই টুক ব্রেক আ লেগ টু সিরিয়াসলি’। অর্থাৎ, ‘পা ভাঙার’ কথাটিকে তিনি যেন একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছেন! অভিনেতার এই পোস্টের পরেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনাও জানিয়েছেন অনেকে।
দ্বিতীয় বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ
অন্য দিকে, পরিবারে নতুন সদস্য আসার খবরে আপাতত আনন্দে ভাসছেন সিদ্ধার্থ ও কিয়ারা। ২০২৫ সালে কন্যাসন্তানের মা-বাবা হন তাঁরা। মেয়ের নাম সারায়া মলহোত্র। এ বার তাঁদের পরিবারে আসতে চলেছে দ্বিতীয় সন্তান।
বিশেষ ভঙ্গিতে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সমাজমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, সিদ্ধার্থ ও কিয়ারার হাতের উপর রাখা একটি ছোট্ট সাদা উলের মোজা। তার উপর রয়েছে তাঁদের মেয়ে সারায়ার ছোট্ট হাত। ছবির সঙ্গে যুগ্ম পোস্টে তাঁরা লিখেছেন, ‘আরও এক বার জীবনের সেরা উপহারের আশীর্বাদ। ভালবাসা এবং কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি। বলিউডের সহকর্মী থেকে শুরু করে অনুরাগী—সকলেই তাঁদের নতুন অতিথির আগমনের অপেক্ষায়। তবে সুখবরের মাঝেই সিদ্ধার্থের চোটের খবর চিন্তা বাড়িয়েছে অনুরাগীদের। এখন অভিনেতার দ্রুত সুস্থ হয়ে ওঠার দিকেই নজর তাঁদের।