নেপালের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর। আজ শুক্রবার নিরাপদে কলকাতায় ফিরেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বাংলাদেশের ছবি ‘শিকার’ এর শুটিংয়ের কাজে নেপালে গিয়ে সেখানেই আটকে পড়েছিলেন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পেরেছেন অভিনেতা।
একই ছবির কাজে নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। তিনি জানিয়েছেন, আপাতত নিরাপদেই রয়েছেন। শুটিংয়ের কাজে নেপালে থাকা দলের অন্য সদস্যরাও সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা অভিনেত্রীর।
কলকাতায় নেমে খরাজ জানান, ‘আমি এবং স্ত্রী প্রতিভা কলকাতায় ফিরলাম। আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। তার পর অনেক সমস্যা পেরিয়ে গোরখপুরে আসি। সেখান থেকে কলকাতায়। বহু মানুষ চিন্তাপ্রকাশ করেছেন। সকলের ভালবাসায় আমরা সাবধানে কলকাতায় ফিরতে পেরেছি। আগামী দিনে আরও অনেক ভাল কাজ উপহার দেব আশা করছি।’
অন্য দিকে, একই ছবির শুটিংয়ে নেপালে গিয়েছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে বিপর্যয় শুরু হওয়ার আগেই কলকাতায় ফিরে আসেন তিনি। নেপালে গিয়ে খরাজ মুখোপাধ্যায়ের আটকে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই উদ্বিগ্ন ছিলেন তাঁর ফ্যানেরা। তাঁর ছেলে বিহু বারবার সোশ্যাল মিডিয়ায় সকলের জন্য আপডেট দিয়েছেন।
ওই একই সিনেমার জন্য নেপালে গিয়েছিলেন রজতাভ দত্ত। তিনি যদিও দুর্যোগ শুরুর আগেই ফিরে এসেছিলেন। জানিয়েছিলেন, ‘ছবির শুটিং করতে নেপালে গিয়েছিলাম। আমার অংশের শুটিং আগেই শেষ হয়ে যায়। তাই অগস্টের ১৩ তারিখে কলকাতায় ফিরে আসি। এসে পরমব্রতের একটি ছবির শুটিংও করলাম।’ নেপালের পরিস্থিতির কথা শুনে খানিকটা চিন্তিত হয়ে পড়েছিলেন রজতাভ। তাই উদ্বিগ্ন হয়ে তাঁর সহ-শিল্পীদের খোঁজ নেন।