কৌশিক পুত্র উজানের পরিচালনায় পর্দায় আসছে কাতুকুতু বুড়ো, মুক্তি পেল টিজার

বাবার পথেই হাঁটা শুরু করল ছেলে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়  পরিচালিত সিনেমা ‘কাতুকুতু বুড়ো’র টিজার মুক্তি পেল সম্প্রতি।যা নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু উত্তেজনা। আগামী ২৪ জুলাই  মুক্তি পাবে এই সিনেমা।

ছবির নাম শুনলেই মনে পরে সুকুমার রায়ের আবোল-তাবোলের বিখ্যাত কাতুকুতু বুড়ো। তবে এই ছবির গল্প সেই চরিত্রকে কেন্দ্র করে নয়। বরং বাস্তব, কল্পনা এবং কল্পবিজ্ঞানের মিশেলে এক ভিন্ন ধর্মী গল্প।

 


টিজারে দেখা যায় সমাজের অবহেলা, হতচ্ছেদা, অপমান ও ব্যর্থতার মধ্যে বেড়ে ওঠা এক সাধারণ যুবকের জীবন। বারবার অপদস্থ হতে হতে একসময় নিজেকে বদলে ফেলতে চায়। সেই চাওয়া তাকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে মুছে যায় বাস্তব ও কল্পনার সীমারেখা।

 

গল্পের মোড়ে নিজের মধ্যেই এক সুপারহিরোর অস্তিত্ব খুঁজে পায় সেই যুবক। নতুন শক্তি, নতুন আত্মবিশ্বাস আর নতুন স্বপ্নকে আঁকড়ে ধরে শুরু হয় তার লড়াই। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উজান নিজেই। তাঁর বিপরীতে রয়েছেন রাপূর্ণা ভট্টাচার্য। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়-সহ একাধিক পরিচিত মুখকে। এই ছবির মাধ্যমে প্রথমবার অ্যাকশনধর্মী চরিত্রেও দেখা যাবে উজানকে।

 

 

‘কাতুকুতু বুড়ো’ আরও একটি কারণে বিশেষ গুরুত্ব বহন করছে। এই ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষ দিকের কাজগুলির মধ্যে এটি অন্যতম। ফলে ছবিটি শুধু উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিষেকই নয়, দর্শকদের কাছে রাহুলকে আরও একবার বড় পর্দায় দেখার আবেগও বয়ে আনবে। আগামী ২৪ জুলাই মুক্তির পর ছবিটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার।