বৃহস্পতিবার কলকাতায় এসেছেন বলিউড অভিনেত্রা কাজল। আর শুক্রবার সকালেই গেলেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে। বৃষ্টিভেজা সকালে ডালা হাতে মন্দিরে পুজো দিতে আসেন অভিনেত্রী।তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। নতুন কোনও ছবি কি আসতে চলেছে, তা অনেকের মনেই প্রশ্ন।
শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড সেট এবং চোখে সানগ্লাস পরে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যায় কাজলকে। গাড়ি থেকে নামতেই তাঁকে দেখে চমকে যান দর্শনার্থীরা। প্রিয় অভিনেত্রীকে সামনে পেয়ে অনেকে তাঁর সঙ্গে সেলফি তোলারও চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা তাঁকে মন্দিরের ভিতরে নিয়ে যান। সেখানে পুজো দেওয়ার পর ফের গাড়িতে উঠে মন্দির চত্বর ছাড়েন।
উল্লেখ্য, রথযাত্রার দিন অর্থাৎ বৃহস্পতিবারই কলকাতা আসেন কাজল। বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর হাসিমাখা মুখ। কলকাতায় আসারর কারণ জানতে বারবার প্রশ্ন করা হলেও সে বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। তবে মন্দিরে পুজো দেওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এই ঘটনা তাঁর কাছে নতুন নয়। কলকাতা এলে সুযোগ পেলেই দক্ষিণেশ্বর কালীমন্দিরে পুজো দিতে যান কাজল। এর আগেও মা এবং ছেলেকে সঙ্গে নিয়ে তিনি মা ভবতারিণীর দর্শনে এসেছিলেন। ।