দশ বছরের কিছু আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল সুজয় ঘোষের ‘কাহানি’। মুক্তির সঙ্গে সঙ্গেই এটি সেরা থ্রিলারের তালিকার শীর্ষে নাম লিখিয়ে ফেলেছিল। ২০১৬ সালে ছবির দ্বিতীয় অংশ মুক্তি পায়। সমালোচকদের প্রশংসা পেলেও তা প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এবার ছবির তৃতীয় অংশ সম্পর্কে জল্পনা শুরু হয়েছে।
শোনা যাচ্ছে, কাহানি ৩ সিনেমার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এবারে প্রধান চরিত্রের অভিনেত্রী পরিবর্তন হচ্ছে। প্রথম দুই সিনেমাতে বিদ্যা বালান চরিত্রে ছিলেন, এবারে ইয়ামি গৌতমকে দেখা যাবে মুখ্য চরিত্রে। তবে প্রথম দুই পর্বের মতো এই সিনেমাটিও পরিচালনা করবেন সুজয় ঘোষ।
নতুন ‘কাহানি’তে আগের পর্বগুলোর সঙ্গে কোনো মিলই থাকবে না। একেবারে নতুন গল্প হিসেবে এগোবে এই সিনেমা। তবে কাহানির রহস্যের মোড়ক ঠিক থাকবে। এই ভাবেই তৈরি করা হচ্ছে ইয়ামির চরিত্র।
ছবির চিত্রনাট্য এবং পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখছেন সুজয় ঘোষ। এই মুহূর্তে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। একই সঙ্গে শুটিংয়ের প্রস্তুতিও চলছে জোর দিয়ে। যদিও দীর্ঘদিন ধরে বিদ্যাকে এই চরিত্রে দেখতে অভ্যস্ত দর্শক, তারা কি ইয়ামিকে একইভাবে গ্রহণ করবে? তবে ছবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
ছবিতে অন্যান্য চরিত্র সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। তবে প্রাথমিক অনুমান, সিনেমার কিছু শুটিং হয়তো কলকাতাতেই হবে।