‘ব্যক্তিগত শ্মশান’ রয়েছে তাঁদের! বিগ বসের ঘরে জয়িতার বিস্ফোরক দাবি, তাজ্জব মনামী-ভরতরা

pic-x

বিগ বসের ঘরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী জয়িতা চট্টোপাধ্যায়ের। কখনও সহ-প্রতিযোগীর সঙ্গে বচসা, কখনও মন্তব্য ঘিরে অস্বস্তি—শুরু থেকেই নিজের উপস্থিতি বেশ জোরালো করে তুলেছেন তিনি। আর এবার তাঁর মুখ থেকেই বেরোল এমন এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনে রীতিমতো চমকে গেলেন মনামী ঘোষ, নন্দিনী দত্ত থেকে শুরু করে ক্যাপ্টেন ভরত কল! জয়িতার দাবি, তাঁদের পরিবারের নাকি রয়েছে নিজস্ব ‘ব্যক্তিগত শ্মশান’!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর শুরু থেকেই উত্তপ্ত ঘরের পরিবেশ। প্রথম সপ্তাহেই ভরত কল ক্যাপ্টেন হওয়ার পর নানা বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন জয়িতা। রান্নাঘরে তরমুজ ধোয়া নিয়ে নিরঞ্জন মণ্ডলের সঙ্গে তাঁর তুমুল ঝামেলা থেকে শুরু করে সৃজলা গুহর নাম ভুল উচ্চারণ, একাধিক ঘটনায় তাঁকে ঘিরে তৈরি হয়েছে চর্চা। এমনকি প্রতিযোগীদের নিয়ে তাঁর মন্তব্যে সতর্কও করেছেন মনামী ঘোষ।

তবে এবার ঝগড়া নয়, অন্য এক দাবিতেই শোরগোল ফেললেন জয়িতা।


বিগ বসের ঘরে আড্ডার ফাঁকে উঠে আসে তাঁর গ্রামের বাড়ির প্রসঙ্গ। জয়িতা জানান, গ্রামে তাঁদের চট্টোপাধ্যায় পরিবারের বেশ নামডাক রয়েছে। তাঁদের বাড়ির দুর্গাপুজোরও রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। কিন্তু পরিবারের কথা বলতে গিয়েই এমন এক তথ্য সামনে আনেন অভিনেত্রী, যা শুনে বাকিদের চোখ কপালে!

জয়িতা জানান, তাঁদের পরিবারের নাকি রয়েছে একটি ‘ব্যক্তিগত শ্মশান’। পরিবারের কারও মৃত্যু হলে সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হয়। শুধু তাই নয়, গ্রামে গেলে তিনি নিয়ম করে সেই জায়গায় ঘুরতেও যান। আর সবচেয়ে অবাক করা বিষয়, জয়িতার কথায়, সেই শ্মশানে যাওয়া তাঁর কাছে এক ধরনের ‘এন্টারটেইনমেন্ট’!

অভিনেত্রীর মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই হতবাক মনামী, নন্দিনী এবং ভরত কল। বিগ বসের ঘরের আড্ডা মুহূর্তে ঘুরে যায় অন্য দিকে। আর সেই কথোপকথন সামনে আসতেই জয়িতাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা।

এতদিন ঝগড়া-বিতর্কে শিরোনামে ছিলেন জয়িতা। এবার তাঁর ‘ব্যক্তিগত শ্মশান’-এর দাবি ঘিরেই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সত্যিই কি তাঁদের পরিবারের নিজস্ব শ্মশান রয়েছে? আর সেখানে গিয়ে ‘এন্টারটেইনমেন্ট’ খোঁজেন কেন জয়িতা? উত্তর আপাতত অভিনেত্রীর কথাতেই।